বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
বিনোদন

বলিউড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, তখনই জীবন বদলে গেল: ইয়ামি গৌতম

_1625212304

আয়ুষ্মান খুরানার বিপরীতে ‘ভিকি ডোনর’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল অভিনেত্রী ইয়ামি গৌতমের। প্রথম ছবিই বক্স অফিসে সাফল্য পায় এবং দর্শকের নজর কাড়েন তিনি। তবে সেই সাফল্যের পরও বলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করতে দীর্ঘ সময় ধরে সংগ্রাম করতে হয়েছে এই অভিনেত্রীকে।

একসময় প্রত্যাশামতো কাজের সুযোগ না পাওয়ায় এমনকি অভিনয় ছেড়ে নিজের রাজ্য হিমাচল প্রদেশে ফিরে যাওয়ার কথাও ভেবেছিলেন ইয়ামি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সেই কঠিন সময়ের কথা তুলে ধরেছেন তিনি। জানিয়েছেন, ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ এবং ‘বালা’ তার ক্যারিয়ারে বড় পরিবর্তন এনে দেয়। অথচ এই দুই সিনেমার আগেই তিনি প্রায় বলিউড ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন।

ইয়ামি বলেন, ‘ভিকি ডোনর’ সফল হওয়ার পরও আমাকে প্রচলিত অর্থে একজন নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ দেওয়া হয়নি। ধীরে ধীরে তার মনে হয়েছিল, হয়তো এই ইন্ডাস্ট্রিতে তার জন্য কাঙ্ক্ষিত জায়গা নেই।

নিজের সেই সময়ের কথা স্মরণ করে ইয়ামি বলেন, ‘আমি ‘উরি’ আর ‘বালা’র আগে ইন্ডাস্ট্রি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। ভেবেছিলাম হিমাচলে ফিরে যাব। আমাদের সেখানে চাষের জমি রয়েছে। সম্পূর্ণ ভিন্ন একটি জীবন শুরু করার পরিকল্পনা করছিলাম। আমার বাবা-মাও আমাকে সমর্থন করেছিলেন’।

Advertisements

তিনি আরও বলেন, তার বাবা-মা তখন শুধু বলেছিলেন, ‘বাড়ি ফিরে এসো’। তবে জীবনের অদ্ভুত মোড়ের কথা বলতে গিয়ে ইয়ামি জানান, যখন তিনি ভয় থেকে বলিউডে টিকে থাকার চেষ্টা ছেড়ে দিয়েছিলেন, তখনই পরিস্থিতি বদলাতে শুরু করে।

তার ভাষায়, ‘মজার বিষয় হলো, যখন আমি ভয় থেকে ইন্ডাস্ট্রিকে আঁকড়ে থাকার চেষ্টা ছেড়ে দিলাম, তখনই সবকিছু বদলে গেল। ‘উরি’ এল, ‘বালা’ এল, আর রাতারাতি আমার জীবন পাল্টে গেল’।

বলিউডে একজন বহিরাগত হিসেবে নিজের সংগ্রামের অভিজ্ঞতাও শেয়ার করেছেন ইয়ামি। তার মতে, ইন্ডাস্ট্রির বাইরে থেকে এসে জায়গা তৈরি করা শুধু কঠিন নয়, বরং প্রতিনিয়ত নিজেকে প্রমাণ করার একটি দীর্ঘ লড়াই।

ইয়ামি বলেন, ‘বলিউডে বহিরাগত হওয়াটাই শুধু চ্যালেঞ্জ নয়, প্রতিনিয়ত নিজেকে প্রমাণ করাটাও বড় লড়াই’।

তিনি মনে করেন, অনেক সময় তারকার সন্তানরা ব্যর্থ হওয়ার পরও নতুন সুযোগ পেয়ে যান, কিন্তু ইন্ডাস্ট্রির বাইরের একজন শিল্পীর জন্য একটি সুযোগ পাওয়াই অনেক কঠিন হয়ে দাঁড়ায়।

নিজের অভিজ্ঞতা তুলে ধরে এই অভিনেত্রী বলেন, “অনেক সময় মনে হয়েছে, আমি যে সুযোগের জন্য প্রস্তুত, সেটি বারবার এমন কাউকে দেওয়া হচ্ছে, যে আগে থেকেই এই ইন্ডাস্ট্রির অংশ। তখন ভাবতাম, আমাকেও যদি একই রকম সুযোগ দেওয়া হতো, তাহলে হয়তো আরও ভালো অভিনেত্রী হিসেবে নিজেকে তৈরি করতে পারতাম। এসব বিষয় অনেক হতাশা তৈরি করত।”

তবে কঠিন সময় পেরিয়ে আজ নিজের জায়গা তৈরি করেছেন ইয়ামি গৌতম। ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ ও ‘বালা’র মতো সিনেমা শুধু তার ক্যারিয়ারই বদলে দেয়নি, বরং প্রমাণ করেছে—সঠিক সময় ও সঠিক সুযোগ একজন শিল্পীর পথ পুরোপুরি পাল্টে দিতে পারে।

Advertisements
অভিনেত্রীইয়ামি গৌতমবলিউড