বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনসোমবার, ৩ আগস্ট, ২০২৬
বিবিধ

রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ পাচ্ছে ২৫.২৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার সহায়তা

7d8d450fbc837995a1064236fe2f981e-6a7035744b840

রোহিঙ্গা শরণার্থী এবং তাদের আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর জন্য বাংলাদেশকে আরও ২৫ দশমিক ২৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া।

সোমবার (৩ আগস্ট) অস্ট্রেলিয়া সরকার এবং জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) যৌথভাবে এ সহায়তার ঘোষণা দেয়। এ উপলক্ষে ঢাকার পদ্মা স্টেট গেস্ট হাউসে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চুক্তিতে সই করেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল এবং ইউএনএইচসিআরের ভারপ্রাপ্ত কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ জুলিয়েট মুরেকেইসোনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং অস্ট্রেলিয়ার সহকারী মন্ত্রী জুলিয়ান হিল।

অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল বলেন, রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা দেওয়া এবং বাস্তুচ্যুত মানুষের পাশে থাকা অস্ট্রেলিয়ার দীর্ঘদিনের প্রতিশ্রুতির অংশ হিসেবেই এ নতুন অর্থায়ন করা হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয় করে মানবিক সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছে দেশটি।

তিনি জানান, এই সহায়তা মিয়ানমার ও বাংলাদেশে চলমান মানবিক সংকট মোকাবিলায় অস্ট্রেলিয়ার তিন বছর মেয়াদি ৩৭০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের সহায়তা প্যাকেজের অংশ। এছাড়া ২০১৭ সালে রোহিঙ্গা সংকট শুরুর পর থেকে বাংলাদেশে রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়া ১ দশমিক ২৫ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের বেশি মানবিক সহায়তা দিয়েছে।

Advertisements

নতুন এই অর্থায়নের মাধ্যমে কক্সবাজারে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের জন্য সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, আশ্রয়, জীবিকা এবং অন্যান্য জরুরি মানবিক সহায়তা কার্যক্রম আরও জোরদার করা হবে। পাশাপাশি আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর জন্যও বিভিন্ন সহায়তামূলক উদ্যোগ বাস্তবায়ন করা হবে।

Advertisements
অস্ট্রেলিয়ানারীবাংলাদেশরোহিঙ্গাশিশু