বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনসোমবার, ৩ আগস্ট, ২০২৬
বিশ্লেষণ

সমকামিতার অভিযোগে শা’স্তি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিধিতে কী বলা আছে?

prothomalo-bangla_2024-04_a8589c85-1afa-4a5d-9577-dbffc44b2f7a_prothomalo_bangla_2023_06_83e37bb3_0bc7_4279_af32_8b5499004747_Dhaka_university

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি আবাসিক হলে সমকামিতার অভিযোগকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। এর মধ্যে একটি ঘটনা ঘটেছে মাস্টারদা সূর্য সেন হলে এবং অন্যটি ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে। দুটি ঘটনাতেই তদন্ত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা বিতর্ক।

এ পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, সমকামিতার অভিযোগের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শৃঙ্খলাবিধিতে কী ধরনের শাস্তির বিধান রয়েছে?

ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯৭৩ সালের ‘ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ’-এর আওতায় পরিচালিত হয়। বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি ও হল-সংক্রান্ত নিয়মে সমকামিতাকে পৃথক কোনো শৃঙ্খলাভঙ্গ হিসেবে উল্লেখ করা হয়নি। এ কারণে এ অভিযোগের জন্য আলাদা কোনো নির্দিষ্ট শাস্তির বিধানও নেই।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামোয় সাধারণত অসদাচরণ, শৃঙ্খলাভঙ্গ, ক্যাম্পাসের পরিবেশ নষ্ট করা কিংবা আবাসিক হলের নিয়ম লঙ্ঘনের অভিযোগ তদন্তের মাধ্যমে নিষ্পত্তি করা হয়। অভিযোগ প্রমাণিত হলে সতর্ক করা, হলের আসন বাতিল, হল থেকে বহিষ্কার কিংবা সাময়িক বা স্থায়ী বহিষ্কারের মতো প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। তবে সমকামিতার অভিযোগের জন্য আলাদাভাবে নির্ধারিত কোনো শাস্তির কথা বিশ্ববিদ্যালয়ের বিধিতে নেই। কোনো ঘটনা ঘটলে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিদ্যমান বিধি ও তদন্তপ্রক্রিয়ার ভিত্তিতে ব্যবস্থা নিতে পারে।

Advertisements


মাস্টারদা সূর্য সেন হলে কী ঘটেছিল?

গত ৩০ জুলাই মাস্টারদা সূর্য সেন হলে সমকামিতার অভিযোগকে কেন্দ্র করে একটি ঘটনা সামনে আসে। হল প্রশাসনের ভাষ্য অনুযায়ী, এক আবাসিক শিক্ষার্থী হলের একটি কক্ষে ‘সমকামিতার উদ্দেশ্যে’ বহিরাগত একজনকে নিয়ে আসেন। পরে হলের শিক্ষার্থীরা দুজনকে আটক করে হল সংসদ ও হল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। পরে তাঁদের শাহবাগ থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় ওই আবাসিক শিক্ষার্থীর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁর হলের আসন বাতিলের পাশাপাশি তাঁকে হল থেকে আজীবনের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাস্টারদা সূর্য সেন হলের প্রাধ্যক্ষ রফিকুল ইসলাম জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিধিতে ‘নৈতিক স্খলন’-এর ঘটনায় সংশ্লিষ্ট শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কারের ক্ষমতা প্রাধ্যক্ষকে দেওয়া হয়েছে। তাঁর মতে, সমকামিতার ঘটনা ওই বিধানের আওতায় পড়ে।


শহীদুল্লাহ হলে অতিথিদের বিরুদ্ধে অভিযোগ

এরপর গত শনিবার, ১ আগস্ট, ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে আরও একটি ঘটনা সামনে আসে। হল সংসদের সহসাধারণ সম্পাদক (এজিএস) ও ছাত্রশিবির নেতা ইব্রাহীম খলিলের কক্ষে অবস্থান করা দুই অতিথির বিরুদ্ধে সমকামিতায় জড়ানোর অভিযোগ ওঠে।

এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দুই তরুণকে তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে বক্তব্য দিতে ও ক্ষমা চাইতে দেখা যায়।

ঘটনার পর হল প্রশাসন এজিএস ইব্রাহীম খলিলের আবাসিক আসন সাময়িকভাবে বাতিল করে। বিষয়টি তদন্তে একটি কমিটিও গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে হল প্রশাসন। অভিযোগের বিষয়ে ইব্রাহীম খলিল বলেন, ঘটনাটি তাঁর কক্ষে ঘটেছে ঠিকই, তবে এ বিষয়ে আগে থেকে তিনি কিছু জানতেন না। তদন্ত চলাকালে রোববার সন্ধ্যায় শহীদুল্লাহ হলের প্রাধ্যক্ষের কক্ষে ছাত্রশিবির ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে এবং কয়েকজন আহত হওয়ার দাবি করেছে।
রাষ্ট্রীয় আইনে কী আছে?

অন্যদিকে বাংলাদেশের দণ্ডবিধির ৩৭৭ ধারায় ‘প্রকৃতির নিয়মের বিরুদ্ধে’ যৌন সম্পর্ক স্থাপনকে অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে। এ ধারার প্রয়োগ রাষ্ট্রের বিচারিক প্রক্রিয়ার বিষয় এবং এর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব প্রশাসনিক শৃঙ্খলাবিধির বিষয়টি আলাদা।

নতুন নীতিমালার চিন্তা বিশ্ববিদ্যালয়ের

সাম্প্রতিক দুটি ঘটনার পর সমকামিতার অভিযোগের ক্ষেত্রে কী ধরনের প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে, তা স্পষ্ট করতে নতুন নীতিমালা প্রণয়নের কথা ভাবছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ বি এম ওবায়দুল ইসলাম এবং সহ-উপাচার্য (প্রশাসন) আলমোজাদ্দেদী আলফেছানী জানিয়েছেন, এ বিষয়ে নীতিমালা তৈরির চিন্তা রয়েছে।

উপাচার্য বলেন, বর্তমানে এ ধরনের অভিযোগ হল প্রশাসনের মাধ্যমে নিষ্পত্তি করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান বিধিমালায় সমকামিতার বিষয়ে আলাদা করে কোনো শাস্তির বিধান নেই। ভবিষ্যতে এ বিষয়ে একটি নীতিমালা করা হবে।

Advertisements
ঢাকা বিশ্ববিদ্যালয়সমকামিতা