ব’ন্দী সু চির সঙ্গে রেড ক্রস প্রতিনিধির বৈঠক, কেন এই বৈঠকের আয়োজন?

মিয়ানমারে আটক সাবেক নেত্রী অং সান সু চির সঙ্গে আজ সোমবার আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) এক প্রতিনিধির সাক্ষাৎ হয়েছে বলে দাবি করেছে দেশটির সরকার। বন্দিদশায় থাকা ৮১ বছর বয়সী এই নোবেলজয়ী নেত্রীর স্বাস্থ্য নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বাড়তে থাকার প্রেক্ষাপটে মিয়ানমার সরকার এই ঘোষণা দিয়েছে।

সরকারের এক মুখপাত্র বলেছেন, মিয়ানমারের রাজধানী নেপিডোতে রেডক্রসের এক প্রতিনিধির সঙ্গে সু চির সাক্ষাৎ হয়েছে।
আটক হওয়ার পর থেকে অং সান সু চি ঠিক কোথায় আছেন এবং তাঁর শারীরিক অবস্থা কেমন- সে বিষয়ে নির্ভরযোগ্য তথ্য পাওয়া কঠিন হয়ে পড়েছে। এ সময়ের মধ্যে কোনো বিদেশি রাষ্ট্রনেতা বা দূত প্রকাশ্যে তাঁর সঙ্গে সাক্ষাৎও করেননি। সরকারের মুখপাত্র খাইন খাইন সোয়ে সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া পোস্টে লিখেছেন, আজ রাজধানী নেপিডোতে মিয়ানমারে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির আবাসিক প্রতিনিধি আরনো দ্য বেকের সঙ্গে সু চির দেখা হয়েছে। এ বিষয়ে মন্তব্য জানতে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির সঙ্গে যোগাযোগ করেছে দ্য ইনডিপেনডেন্ট।
গত এপ্রিলের শেষ দিকে মিয়ানমারের সেনাবাহিনী আয়োজিত নির্বাচনে সাবেক জান্তা প্রধান মিন অং হ্লাইং প্রেসিডেন্ট হন। এরপর কর্তৃপক্ষ জানায়, সু চিকে গোপন কারাগার থেকে সরিয়ে গৃহবন্দী অবস্থায় রাখা হয়েছে।



