২৫ সেপ্টেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ১০ আশ্বিন ১৪৩৩
জীবনযাপন

হ্যাপি ফ্রেন্ডশিপ ডে ২০২৬: বিশেষ দিনে প্রিয় বন্ধুকে কী লিখবেন?

idoh-socialise

জীবনের গল্পটা একটু খেয়াল করে দেখুন- পরিবারের পর সবচেয়ে বেশি স্মৃতি হয়তো জমে আছে বন্ধুদের ঘিরেই। স্কুলের বেঞ্চে পাশাপাশি বসা, কলেজের ক্যান্টিনে ঘণ্টার পর ঘণ্টা আড্ডা, পরীক্ষার আগের রাতে একসঙ্গে পড়ার নাম করে গল্প করা কিংবা মন খারাপের দিনে কোনো কারণ ছাড়াই বন্ধুর পাশে বসে থাকা-জীবনের অসংখ্য মুহূর্তের নীরব সাক্ষী একজন বন্ধু।

কেউ হয়তো আজও প্রতিদিনের জীবনের অংশ। আবার কেউ দূরত্ব, ব্যস্ততা কিংবা সময়ের স্রোতে হারিয়ে গেছে। তবু কিছু বন্ধুত্ব এমন, যেখানে দীর্ঘদিন কথা না হলেও সম্পর্কের উষ্ণতাটা ঠিক আগের মতোই থেকে যায়। বন্ধুত্বের এই সুন্দর সম্পর্ক উদযাপন করতেই প্রতি বছর পালিত হয় ফ্রেন্ডশিপ ডে বা বন্ধু দিবস। বাংলাদেশ, ভারতসহ এশিয়ার বিভিন্ন দেশে আগস্টের প্রথম রোববার বন্ধু দিবস পালনের প্রচলন রয়েছে। ২০২৬ সালে বন্ধু দিবস পড়েছে ২ আগস্ট।

বিশেষ এই দিনে তাই অনেকেই পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা করেন, আড্ডা দেন, উপহার দেন কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করেন। কিন্তু ব্যস্ত জীবনে দেখা করা সম্ভব না হলেও মন থেকে বলা কয়েকটি কথা কখনও কখনও হয়ে উঠতে পারে সবচেয়ে সুন্দর উপহার।

বন্ধু দিবসের পেছনের গল্পটা কী?

বন্ধু দিবসের ধারণার ইতিহাস বেশ পুরোনো। ১৯৩০ সালে হলমার্ক কার্ডসের প্রতিষ্ঠাতা জয়েস হল বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য একটি বিশেষ দিন পালনের প্রস্তাব দেন। তবে বন্ধুত্বকে বিশ্বশান্তি ও সম্প্রীতির সঙ্গে যুক্ত করার ধারণা আরও পরে সামনে আসে।

১৯৫৮ সালে প্যারাগুয়ের চিকিৎসক ড. রামোন আর্তেমিও ব্রাচো ‘ওয়ার্ল্ড ফ্রেন্ডশিপ ক্রুসেড’-এর ধারণা দেন। তার ভাবনা ছিল, বন্ধুত্ব ও পারস্পরিক সম্প্রীতির মাধ্যমে মানুষের মধ্যে বিভেদ কমিয়ে শান্তির পরিবেশ তৈরি করা। এর ধারাবাহিকতায় ২০১১ সালে জাতিসংঘ ৩০ জুলাইকে আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস হিসেবে স্বীকৃতি দেয়। তবে ভারত, যুক্তরাষ্ট্র এবং এশিয়ার কয়েকটি দেশে এখনও আগস্টের প্রথম রোববার বন্ধু দিবস উদযাপনের প্রচলন রয়েছে।

Advertisements

সব বন্ধুত্ব কি প্রতিদিন কথা বলার অপেক্ষায় থাকে?

বন্ধুত্বের সবচেয়ে সুন্দর দিক সম্ভবত এখানেই। প্রতিদিন কথা না হলেও কিছু মানুষ মনের খুব কাছেই থেকে যায়। একসময় যে বন্ধুর সঙ্গে প্রতিদিন দেখা হতো, আজ হয়তো তার সঙ্গে মাসের পর মাস কথা হয় না। কেউ চাকরির কারণে অন্য শহরে, কেউ বিদেশে, কেউ সংসারের ব্যস্ততায় আটকে গেছে। তবু হঠাৎ তার কথা মনে পড়লে পুরোনো কোনো ছবি খুলে বসা কিংবা তার পাঠানো একটি পুরোনো মেসেজ পড়েই মুখে হাসি ফুটে ওঠে। কারণ সত্যিকারের বন্ধুত্বের হিসাবটা ‘কত দিন কথা হয়েছে’ দিয়ে হয় না। বরং বোঝা যায়- কত বছর পর দেখা হলেও কতটা সহজে আগের জায়গায় ফিরে যাওয়া যায়।

বন্ধু দিবসে কী লিখবেন প্রিয় বন্ধুকে?

সবসময় বড় কোনো উপহার প্রয়োজন হয় না। একটি আন্তরিক বার্তাই হয়তো বন্ধুর দিনটাকে অন্যরকম করে দিতে পারে।
লিখতে পারেন-

“জীবনে অনেক মানুষ আসে, আবার হারিয়েও যায়। কিন্তু কিছু মানুষ স্মৃতি হয়ে থেকেও মনের খুব কাছে থেকে যায়। তুই আমার জীবনের তেমনই একজন। দূরত্ব যতই হোক, বন্ধুত্বটা যেন এমনই থাকে। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে!”

অথবা একটু মজার করে-
“আমাদের বন্ধুত্বের সবচেয়ে বড় প্রমাণ হলো- এত ঝগড়া, এত রাগ আর এত পাগলামির পরও আমরা এখনও বন্ধু! এই সম্পর্কটা এভাবেই টিকে থাকুক। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে!”

আর যদি বন্ধুটি অনেক দূরে থাকে, তাহলে লিখতে পারেন-
“দূরত্ব আমাদের আলাদা করেছে, কিন্তু বন্ধুত্বটা নয়। দেখা হয় না, প্রতিদিন কথা হয় না- তবুও জীবনের ভালো-মন্দে তোর কথাই মনে পড়ে। খুব শিগগির আবার একসঙ্গে বসে সেই পুরোনো আড্ডাটা দিতে চাই। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে!”

একটি মেসেজ, একটি ফোনকল- আরও কাছে আসুক বন্ধুত্ব

বন্ধু দিবস আসলে শুধু ফেসবুকে ছবি পোস্ট করার দিন নয়। বরং ব্যস্ততার কারণে যাকে অনেক দিন ফোন করা হয়নি, তাকে একবার ফোন করার উপলক্ষ হতে পারে এই দিনটি। হয়তো আপনার বন্ধুটিও অপেক্ষা করছেন একটি ফোনকলের জন্য। হয়তো তিনিও ভাবছেন—“অনেক দিন কথা নেই, কীভাবে শুরু করব?” সেই দ্বিধাটা ভেঙে আপনিই না হয় লিখে ফেললেন- “কী খবর? অনেক দিন কথা হয় না!”

দেখবেন, একটি ছোট্ট কথোপকথনই খুলে দিতে পারে পুরোনো স্মৃতির দরজা। কারণ জীবনের ব্যস্ততায় আমরা অনেক কিছু হারিয়ে ফেলি। কিন্তু কিছু সম্পর্ক হারিয়ে যাওয়ার আগেই একটু যত্ন চায়। আর বন্ধুত্ব দিবস হতে পারে সেই যত্নটুকু দেওয়ার সুন্দর একটি অজুহাত। তাই এবারের বন্ধু দিবসে শুধু শুভেচ্ছা নয়- প্রিয় বন্ধুকে সময় দিন, ফোন করুন, দেখা করুন। আর যদি দেখা সম্ভব না হয়, অন্তত একটি কথা লিখুন-

“জীবনে তুই আছিস- এটাই অনেক।”

হয়তো এই ছোট্ট বাক্যটিই আপনার বন্ধুর কাছে হয়ে উঠবে এবারের সবচেয়ে দামি উপহার।

Advertisements