২৬ সেপ্টেম্বর, ২০২৬ | শনিবারবাংলা: ১১ আশ্বিন ১৪৩৩
বিবিধ

যুক্তরাষ্ট্রের ভিসা পেতে জমা দিতে হতে পারে ২০ হাজার ডলার পর্যন্ত বন্ড

IMG_3047

বাংলাদেশসহ বিশ্বের ৫০টি দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্র নতুন ভিসা বন্ড কর্মসূচি চালু করতে যাচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী, ব্যবসা ও পর্যটন ভিসা (বি১ ও বি২) আবেদনকারীদের ভিসা পাওয়ার শর্ত হিসেবে সর্বোচ্চ ২০ হাজার মার্কিন ডলার পর্যন্ত বন্ড জমা দিতে হতে পারে। ট্রাম্প প্রশাসনের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কনস্যুলার কর্মকর্তারা প্রয়োজন অনুযায়ী ভিসা আবেদনকারীদের কাছ থেকে বন্ড নেওয়ার সিদ্ধান্ত নিতে পারবেন এবং বন্ডের পরিমাণও তারাই নির্ধারণ করবেন। ২০২৫ সালের পাইলট কর্মসূচির ইতিবাচক ফলাফলের ভিত্তিতেই এ কর্মসূচি স্থায়ী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে পাইলট প্রকল্পে ৫ হাজার, ১০ হাজার ও সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত বন্ড নির্ধারণের সুযোগ ছিল। তবে নতুন নিয়মে ৫ হাজার ডলারের অপশন বাতিল করা হয়েছে এবং সর্বোচ্চ বন্ডের পরিমাণ বাড়িয়ে ২০ হাজার ডলার করা হয়েছে।

নতুন নিয়ম আগামী ৩ আগস্ট থেকে কার্যকর হবে। তালিকাভুক্ত ৫০টি দেশের মধ্যে ৩০টিই আফ্রিকার দেশ। মার্কিন কর্মকর্তাদের দাবি, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যুক্তরাষ্ট্রে অবৈধভাবে থেকে যাওয়া ঠেকাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

তবে অভিবাসন বিশেষজ্ঞদের মতে, নতুন নীতি বৈধ ভ্রমণকে নিরুৎসাহিত করবে। অন্যদিকে মানবাধিকারকর্মীরা বলছেন, ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতি মুক্তবাক, ন্যায্য বিচার ও সংখ্যালঘুদের নিরাপত্তার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসব পদক্ষেপকে জাতীয় নিরাপত্তা জোরদারের জন্য প্রয়োজনীয় বলে দাবি করে আসছেন।

Advertisements
Advertisements