বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশনিবার, ১ আগস্ট, ২০২৬
বিবিধ

আগস্টেই ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে আরও একজোড়া আন্তঃনগর ট্রেন

IMG_3040

চলতি আগস্ট মাসেই ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া নতুন আন্তঃনগর ট্রেন চালু করা হবে বলে জানিয়েছেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। একই সঙ্গে কক্সবাজার আইকনিক রেলস্টেশনের পূর্ণাঙ্গ পরিচালনার দায়িত্ব একটি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।

শনিবার (১ আগস্ট) সকালে কক্সবাজার আইকনিক রেলস্টেশন পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বলেন, পর্যটন নগরী কক্সবাজারে যাত্রী ও পর্যটকের সংখ্যা বাড়ছে। সেই চাহিদা বিবেচনায় সরকার রেল যোগাযোগ সম্প্রসারণ এবং যাত্রীসেবা আধুনিক করতে কাজ করছে।

তিনি বলেন, নতুন ট্রেন চালু হলে যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি কমবে, টিকিটের চাপও হ্রাস পাবে। এতে ঢাকা-কক্সবাজার রুটে ভ্রমণ আরও সহজ, আরামদায়ক ও সময়োপযোগী হবে।

প্রতিমন্ত্রী আরও জানান, কক্সবাজার আইকনিক রেলস্টেশনকে শুধু একটি স্টেশন নয়, আন্তর্জাতিক মানের পর্যটনবান্ধব রেল হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যেই স্টেশনটির পূর্ণাঙ্গ পরিচালনা নিশ্চিত করতে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

Advertisements

পরিদর্শনকালে তিনি স্টেশনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং যাত্রীসেবা, অবকাঠামো, পরিচ্ছন্নতা, নিরাপত্তা ব্যবস্থা ও চলমান কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনাও দেন।

পরিদর্শনে কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কক্সবাজার আইকনিক রেলস্টেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Advertisements
কক্সবাজারট্রেনঢাকারুট