বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশনিবার, ১ আগস্ট, ২০২৬
শিক্ষা

চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষা, যুক্ত হচ্ছে মার্শাল আর্ট

S47zPmbfwRsLXGiu_karate

শিশুদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি, মানসিক বিকাশ এবং আত্মনিয়ন্ত্রণের গুণ তৈরি করতে প্রাথমিক শিক্ষায় ক্রীড়া কার্যক্রম আরও জোরদার করার উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষার আওতায় ‘মার্শাল আর্ট’ অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

গতকাল শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর বিজয় সরণির র‌্যাংগস ভবনে বাংলাদেশ কিয়োকুশিন কারাতে সংস্থা আয়োজিত ‘ব্ল্যাক বেল্ট’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, মার্শাল আর্ট কেবল আত্মরক্ষার একটি পদ্ধতি নয়; এটি শিক্ষার্থীদের ব্যক্তিত্ব গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর মাধ্যমে শিশুদের মধ্যে শৃঙ্খলাবোধ, আত্মবিশ্বাস, ধৈর্য এবং ইতিবাচক মানসিকতা তৈরি হয়।

তিনি বলেন, একজন শিক্ষার্থী যখন নিজের সক্ষমতা সম্পর্কে আত্মবিশ্বাসী হয়ে ওঠে, তখন সে বিভিন্ন ধরনের সহিংসতা ও সংঘাত থেকে নিজেকে দূরে রাখতে শেখে। পাশাপাশি সমাজে দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা পালনের মানসিকতাও তৈরি হয়।

Advertisements

ববি হাজ্জাজ বলেন, তরুণ প্রজন্মকে সুস্থ, আত্মবিশ্বাসী এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ নাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলা ও মার্শাল আর্টের প্রসার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে মার্শাল আর্ট প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণে একটি বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণের জন্য কারাতে সংগঠনগুলোর প্রতি আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, মার্শাল আর্ট শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলি, আত্মরক্ষার সক্ষমতা এবং আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করবে। এর মাধ্যমে একটি সুস্থ, দক্ষ ও মানবিক ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলা সম্ভব হবে।

অনুষ্ঠান শেষে ব্ল্যাক বেল্ট অর্জনকারী কারাতেকাদের হাতে সনদপত্র ও ব্ল্যাক বেল্ট তুলে দেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এ সময় তিনি কৃতী কারাতেকাদের অভিনন্দন জানান এবং তাদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন।

Advertisements
ক্রীড়ামার্শাল আর্টশিক্ষা