শুটিংয়ে আহত রাশমিকা, অনিশ্চিত দুই সিনেমার কাজ

ভারতের ‘ন্যাশনাল ক্রাশ’ খ্যাত অভিনেত্রী রাশমিকা মান্দানা শুটিংয়ের সময় গুরুতর আহত হয়েছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তাকে টানা ছয় সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি-র প্রতিবেদনে জানানো হয়েছে, বর্তমানে রাশমিকার হাতে রয়েছে দুটি সিনেমা—রাণাবলী এবং মাইসা। এর মধ্যে একটি ছবির শুটিং চলাকালেই তিনি আহত হন।

জানা গেছে, দুর্ঘটনায় রাশমিকার নিতম্ব ও কোমরের মাঝামাঝি অংশের একটি গুরুত্বপূর্ণ পেশিতন্তু সম্পূর্ণ ছিঁড়ে গেছে। চিকিৎসকদের মতে, এ ধরনের আঘাত সাধারণত ক্রীড়াবিদদের ক্ষেত্রেই বেশি দেখা যায়, কারণ তারা নিয়মিত কঠোর শারীরিক অনুশীলনের মধ্যে থাকেন। সিনেমার প্রয়োজনেই রাশমিকা নাচ ও অ্যাকশন দৃশ্যের জন্য নিবিড় শারীরিক প্রশিক্ষণ নিচ্ছিলেন। সেই সময় কঠিন একটি দৃশ্য ধারণ করতে গিয়েই তিনি এই চোট পান।

তবে দুর্ঘটনা বা নিজের শারীরিক অবস্থা নিয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি রাশমিকা।
উল্লেখ্য, পরিচালক রবীন্দ্র পুল্লে নির্মিত মাইসা সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করছেন রাশমিকা মান্দানা। অন্যদিকে, রাহুল সংকৃত্যনের রাণাবলী সিনেমায় তার সহশিল্পী বাস্তব জীবনের স্বামী বিজয় দেবারাকোন্ডা। এর আগে এই জুটি গীত গোবিন্দম ও ডিয়ার কমরেড ছবিতে একসঙ্গে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছিলেন।



