বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
বিবিধ

ভাই যদি বোনকে সম্পত্তি দিতে না চান, তাহলে আইনি ব্যবস্থা কী?

IMG_3014

বাবা-মায়ের রেখে যাওয়া সম্পত্তি নিয়ে ভাই-বোনের বিরোধ নতুন নয়। তবে মুসলিম উত্তরাধিকার আইন অনুযায়ী, কোনো ভাই চাইলেই বোনকে তার প্রাপ্য অংশ থেকে বঞ্চিত করতে পারেন না। এ ধরনের পরিস্থিতিতে বোনের কী করণীয়, তা নিয়ে বিস্তারিত জানিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ইশরাত হাসান।

তিনি বলেন, মুসলিম উত্তরাধিকার আইন (ফরায়েজ) অনুযায়ী বাবা বা মায়ের মৃত্যুর পর সম্পত্তি শরীয়াহ অনুযায়ী বণ্টিত হয়। এ ক্ষেত্রে ছেলের অংশ মেয়ের দ্বিগুণ হলেও মেয়ের নির্ধারিত অংশ থেকে তাকে বঞ্চিত করার সুযোগ নেই।

ভাই যদি বোনকে তার প্রাপ্য অংশ না দেন, তাহলে প্রথমে আইনি নোটিশ পাঠিয়ে দাবি জানানো যেতে পারে। এরপরও সমাধান না হলে সংশ্লিষ্ট সিভিল আদালতে বাটোয়ারা মামলা করা, সম্পত্তি বিক্রি বা হস্তান্তর ঠেকাতে আদালতের নিষেধাজ্ঞা (ইনজাংশন) চাওয়া এবং প্রয়োজন হলে ভূমি রেকর্ড সংশোধনের আবেদন করা যেতে পারে।

আইনজীবী আরও বলেন, জাল দলিল তৈরি বা প্রতারণার মাধ্যমে সম্পত্তি আত্মসাৎ করা হলে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় ফৌজদারি মামলা করা যায়। পাশাপাশি সিভিল আদালতে জাল দলিল বা রেকর্ড বাতিলের আবেদনও করা সম্ভব।

Advertisements

বিদেশে দীর্ঘদিন অবস্থান করলেও কোনো নারী তার উত্তরাধিকার অধিকার হারান না বলেও জানান তিনি। এছাড়া বিয়ের সময় পাওয়া গয়না, নগদ অর্থ বা অন্যান্য উপহার উত্তরাধিকার সম্পত্তির বিকল্প নয় এবং এগুলো সম্পত্তির হিস্যার সঙ্গে সমন্বয় করা যায় না।

মামলা করতে না চাইলে পারিবারিক আলোচনা বা জেলা লিগ্যাল এইড অফিসের বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতির মাধ্যমেও সম্পত্তি বণ্টনের সমাধানে পৌঁছানো যেতে পারে বলে পরামর্শ দিয়েছেন এই আইনজীবী।

Advertisements
আইনসম্পত্তি