ডায়েট মেন্যুতে রাখুন তেলবিহীন লেমন সয়ামিট

যারা স্বাস্থ্যকর খাবার পছন্দ করেন কিংবা তেল এড়িয়ে চলতে চান, তাদের জন্য তেল ছাড়া লেমন সয়ামিট হতে পারে দারুণ একটি পদ। লেবুর হালকা টক স্বাদ, গোলমরিচের ঝাঁজ এবং সয়াসসের ফ্লেভারে তৈরি এই রেসিপিটি যেমন পুষ্টিকর, তেমনি সহজেই ঘরে তৈরি করা যায়।

যা লাগবে
- সয়ামিট – ৩০০ গ্রাম
- পেঁয়াজ কুচি – ১ টেবিল চামচ
- টমেটো পেস্ট – ৩ টেবিল চামচ
- আদাবাটা – ১ চা-চামচ
- লবণ – স্বাদমতো
- লেবুর খোসা কুচি – ১ চা-চামচ
- সয়াসস – ১ চা-চামচ
- কাঁচা মরিচ – ২টি (চিরে নেওয়া)
- ধনেপাতা কুচি – ২ টেবিল চামচ
- গোলমরিচ গুঁড়া – ১ চা-চামচ
- লেবুর রস – ১ চা-চামচ
যেভাবে তৈরি করবেন
প্রথমে একটি পাত্রে লবণ মিশ্রিত পানিতে সয়ামিট কয়েক ঘণ্টা ভিজিয়ে রাখুন, যাতে এটি ভালোভাবে ফুলে নরম হয়ে যায়। এরপর পানি থেকে তুলে হাত দিয়ে আলতো করে চেপে অতিরিক্ত পানি ঝরিয়ে নিন।

এবার একটি পাত্রে সয়ামিটের সঙ্গে পেঁয়াজ কুচি, টমেটো পেস্ট, আদাবাটা, লবণ, লেবুর খোসা কুচি, সয়াসস এবং কাঁচা মরিচ একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর অতিরিক্ত তেল বা পানি না দিয়েই মিশ্রণটি চুলায় বসিয়ে মাঝারি আঁচে রান্না করুন। সয়ামিট থেকে বের হওয়া আর্দ্রতা ও মসলার সঙ্গে ধীরে ধীরে এটি সেদ্ধ হয়ে যাবে।
রান্না সম্পূর্ণ হয়ে এলে চুলা বন্ধ করার ঠিক আগে ধনেপাতা কুচি, গোলমরিচ গুঁড়া এবং লেবুর রস ছড়িয়ে আলতোভাবে মিশিয়ে নিন। এতে খাবারের স্বাদ ও সুগন্ধ আরও বেড়ে যাবে।
স্বাস্থ্যকর ও সুস্বাদু এই তেলবিহীন লেমন সয়ামিট গরম ভাত, রুটি, পরোটা বা সালাদের সঙ্গে পরিবেশন করতে পারেন। এটি হালকা খাবার হিসেবে যেমন উপযোগী, তেমনি স্বাস্থ্যসচেতনদের জন্যও একটি চমৎকার পছন্দ।



