মানুষ আমাকে কোনো পুরুষের সাথে দেখতে চায় না:পরীমণি

ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমণি ব্যক্তিগত জীবন, গ্রেপ্তার, চলমান আইনি লড়াই ও ভবিষ্যতে বিয়ে করা নিয়ে খোলামেলা কথা বলেছেন। এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, গ্রেপ্তারের সময় আইনগত প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হয়নি এবং তার বাসায় তল্লাশিরও বৈধ অনুমতি ছিল না।

পরীমণি বলেন, জেল থেকে মুক্তির পর এতদিন তিনি এ বিষয়ে প্রকাশ্যে কথা বলেননি। তার বিশ্বাস ছিল, সত্য একদিন না একদিন প্রকাশ পাবে। তার ভাষায়, কোনো সত্যই চিরদিন চাপা থাকে না।
ব্যক্তিগত জীবন নিয়ে তিনি বলেন, কোনো পুরুষের সঙ্গে ছবি প্রকাশ করলেই তাকে কটূক্তির শিকার হতে হয়। মানুষের একটি অংশ তাকে শুধু সন্তানদের সঙ্গে দেখতে চায়, যা তার কাছে অস্বাভাবিক মনে হয়।

চলমান মামলার বিষয়ে পরীমণি বলেন, তিনি সবসময় আইনের ওপর আস্থা রেখেছেন এবং যতদিন প্রয়োজন আদালতে হাজিরা দেবেন। তার বিশ্বাস, একদিন আদালত তাকে নির্দোষ ঘোষণা করে তার সম্মান ফিরিয়ে দেবে।
দেশে শিল্পীদের নিরাপত্তার প্রসঙ্গ টেনে তিনি বলেন, শুধু শিল্পী নয়, বাংলাদেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা উচিত। শিল্পী, রিকশাচালকসহ সব মানুষই যেন হেনস্তামুক্তভাবে জীবনযাপন করতে পারেন, সেই প্রত্যাশার কথাও জানান তিনি।



