বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ২৯ জুলাই, ২০২৬
বিবিধ

দুপুরের খাবার না খেয়েই টিসিবির লাইনে নাসিমা, দেয়াল ধসে চলে গেলেন না ফেরার দেশে

IMG_2928

অভাবের সংসারে কিছু অর্থ বাঁচাতে টিসিবির পণ্যের ওপর নির্ভর করতেন ঢাকার নিম্ন আয়ের মানুষ নাসিমা বেগম (৪৫)। মঙ্গলবার দুপুরে খাবারের বিরতির সময় কাজে লাগিয়ে না খেয়েই টিসিবির পণ্য কিনতে লাইনে দাঁড়িয়েছিলেন তিনি। তবে পণ্য হাতে পাওয়ার আগেই মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের সীমানা প্রাচীর ধসে চাপা পড়ে মারা যান তিনি।

দুপুর ১টা ২৭ মিনিটের দিকে মিরপুর-২ নম্বরের লাভ রোডে কলেজটির পেছনের প্রায় ৮ ফুট উঁচু সীমানা প্রাচীরের ১২০ ফুট অংশ ধসে পড়ে। এ সময় দেয়ালসংলগ্ন সড়কে টিসিবির ট্রাক থেকে পণ্য নেওয়ার জন্য নাসিমাসহ প্রায় ৫০-৬০ জন নারী লাইনে দাঁড়িয়ে ছিলেন। দুর্ঘটনায় নাসিমাসহ দুজন নিহত হন। আহত হন আরও অন্তত ছয়জন।

নাসিমা একটি বেসরকারি প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন। তার মাসিক আয় ছিল ১৩ হাজার টাকা। স্বামী আবদুল হানিফ কুয়েতে থাকলেও অসুস্থতার কারণে নিয়মিত টাকা পাঠাতে পারতেন না। সংসারের খরচ, দেনা পরিশোধ এবং মায়ের দেখাশোনার দায়িত্বও পালন করতেন নাসিমা।

নাসিমার মা শাহিদা বেগম জানান, দুপুরে বাসায় খাবার খেতে এসে প্রতিবেশীর কাছ থেকে টিসিবির ট্রাকের খবর পান তার মেয়ে। এক ঘণ্টার বিরতির সময় নষ্ট না করতে না খেয়েই লাইনে দাঁড়িয়েছিলেন তিনি।

Advertisements

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দে দেয়ালটি ধসে পড়ে। পরে আশপাশের মানুষ ইট-সুরকি সরিয়ে আটকে পড়াদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৃষ্টির কারণে দুর্বল হয়ে পড়ায় দেয়ালটি ধসে থাকতে পারে।

Advertisements
টিসিবিদেয়াল ধসনাসিমামিরপুর