ভিডিও বার্তায় বি’স্ফো’রণ! দিল্লি পুলিশকে ‘গু’ন্ডা’ বললেন নাসিরুদ্দিন

ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ‘চলো সংসদ’ কর্মসূচিতে অংশ নেওয়া বিক্ষোভকারীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী নাসিরুদ্দিন শাহ।
আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের কঠোর অবস্থানের সমালোচনা করে তিনি দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ আখ্যা দিয়েছেন এবং সতর্ক করে বলেছেন, একদিন তাদের নিজেদের কাজেরও জবাবদিহি করতে হবে।
মঙ্গলবার (২১ জুলাই) রাতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) সামাজিক যোগাযোগমাধ্যমের অফিসিয়াল অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিও বার্তায় এসব মন্তব্য করেন নাসিরুদ্দিন শাহ। ভিডিওটি প্রকাশের পর তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
ভিডিও বার্তায় নাসিরুদ্দিন শাহ বলেন, “যদি একজন অজ্ঞ ব্যক্তি এই দেশের নেতৃত্ব দেয়, তাহলে সে চাইবে পুরো দেশও তার মতো অজ্ঞ, অবিবেচক, অযোগ্য ও নির্মম হয়ে উঠুক।”
দিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “এই মুহূর্তে আমি খুব মর্মাহত। আমাদের সন্তানদের সঙ্গে যেভাবে নির্যাতন করা হচ্ছে, তা দেখে আমি রাগে ফুঁসছি। এসব গুন্ডাদের দেখে আমার যুক্তরাষ্ট্রের আইসিই (ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট) এজেন্টদের কথা মনে পড়ে। যাদের মুখে মুখোশ, হাতে লাঠি। এটাও মনে রাখুন, একদিন আপনাদেরও নিজেদের কাজের পরিণতির মুখোমুখি হতে হবে।”
অভিনেতার এই বক্তব্য মূলত দিল্লিতে সিজেপির ‘চলো সংসদ’ কর্মসূচিকে ঘিরে সংঘটিত পুলিশি অভিযানের প্রতিক্রিয়া হিসেবে এসেছে। আন্দোলনকারীদের অভিযোগ, শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থী ও সমর্থকদের ওপর অযৌক্তিকভাবে বলপ্রয়োগ করা হয়েছে। অন্যদিকে, আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।
নাসিরুদ্দিন শাহ দীর্ঘদিন ধরেই ভারতের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে সরব। মতপ্রকাশের স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার এবং মানবাধিকার বিষয়ে তিনি অতীতেও খোলামেলা অবস্থান নিয়েছেন। ফলে তার সাম্প্রতিক এই মন্তব্যও দেশটির রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।
ভিডিওটি প্রকাশের পর অনেকেই তার বক্তব্যের প্রতি সমর্থন জানিয়েছেন। আবার কেউ কেউ তার মন্তব্যের সমালোচনাও করেছেন। ফলে দিল্লিতে বিক্ষোভকারীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনা নিয়ে জনমত আরও বিভক্ত হয়ে পড়েছে।
এদিকে, ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি এবং পুলিশি পদক্ষেপ নিয়ে দেশজুড়ে আলোচনা অব্যাহত রয়েছে। আন্দোলনকারীরা এ ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।



