বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
বিনোদন

সাত মাসের অন্তঃসত্ত্বা দীপিকা, তবুও চলছে অ্যাকশন দৃশ্যের শুটিং

1770046179_deepika-lead-jpg

দ্বিতীয় সন্তানের অপেক্ষায় থাকা বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন সাত মাসের অন্তঃসত্ত্বা হলেও শুটিং থেকে বিরতি নেননি। অ্যাটলি পরিচালিত আসন্ন প্যান-ইন্ডিয়া সিনেমা রাকা–এর শুটিংয়ে নিয়মিত অংশ নেওয়ার পাশাপাশি অ্যাকশন দৃশ্যেও অভিনয় করছেন তিনি।

ভ্যারাইটি ইন্ডিয়া–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, দীপিকা প্রায় প্রতিদিনই ‘রাকা’র শুটিং করছেন। সম্প্রতি কর্মঘণ্টা আট ঘণ্টার মধ্যে সীমাবদ্ধ রাখার পক্ষে মত দিলেও ছবির কাজ নির্ধারিত সময়ে শেষ করতে তিনি পূর্ণ মনোযোগ দিয়েছেন। মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার আগে নিজের অংশের শুটিং শেষ করার লক্ষ্য নিয়ে প্রয়োজনে রাতের শিফটেও কাজ করছেন তিনি।

ছবির একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, মাতৃত্বকালীন বিরতিতে যাওয়ার আগে শুটিং শেষ করার ব্যাপারে দীপিকা ছিলেন দৃঢ়প্রতিজ্ঞ। অনেক অ্যাকশন দৃশ্য শারীরিকভাবে কঠিন ও পরিশ্রমসাধ্য হলেও তিনি সেগুলো সফলভাবে সম্পন্ন করছেন। একই সঙ্গে বাড়িতে দেড় বছর বয়সী মেয়ের প্রতিও সমান মনোযোগ দিচ্ছেন এই অভিনেত্রী।

বিজ্ঞান কল্পকাহিনিনির্ভর ফ্যান্টাসি অ্যাকশন চলচ্চিত্র ‘রাকা’ পরিচালনা করছেন অ্যাটলি। ছবিতে দীপিকার বিপরীতে প্রধান চরিত্রে অভিনয় করছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন। বড় বাজেট, অত্যাধুনিক ভিজ্যুয়াল ইফেক্ট এবং ব্যাপক আয়োজনের কারণে ছবিটি ২০২৭ সালের অন্যতম প্রতীক্ষিত প্যান-ইন্ডিয়া সিনেমা হিসেবে আলোচনায় রয়েছে।

Advertisements

বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, অ্যাটলির আগের কিছু ছবির মতো ‘রাকা’তেও আল্লু অর্জুনকে একাধিক চরিত্রে দেখা যেতে পারে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

জানা গেছে, ছবিটির ভিজ্যুয়াল ইফেক্টের কাজ করছে আন্তর্জাতিক মানের একাধিক ভিএফএক্স স্টুডিও। সংগীত পরিচালনা করছেন তরুণ সুরকার সাই অভ্যাঙ্ককর। বর্তমানে ২০২৭ সালে ছবিটি মুক্তির পরিকল্পনা থাকলেও নির্মাতারা এখনো চূড়ান্ত মুক্তির তারিখ ঘোষণা করেননি।

উল্লেখ্য, অন্তঃসত্ত্বা অবস্থায় শুটিং করা দীপিকা পাড়ুকোনের জন্য নতুন কোনো অভিজ্ঞতা নয়। প্রথম সন্তানসম্ভবা থাকাকালেও তিনি ‘কল্কি ২৮৯৮ এডি’ এবং ‘সিংগাম অ্যাগেইন’ সিনেমার অ্যাকশন দৃশ্যের শুটিং সম্পন্ন করেছিলেন।

Advertisements
অভিনেত্রীদীপিকা পাড়ুকোনবলিউড