বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
বিনোদন

আর্জেন্টিনা জিতলে কি বিয়ে করবেন তানজিন তিশা?

আর্জেন্টিনা জিতলে কি বিয়ে করবেন তানজিন তিশা?

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় এখন সরগরম ক্রীড়াঙ্গন থেকে শুরু করে শোবিজ অঙ্গনও। আর মাত্র এক দিনের অপেক্ষা, এরপরই ফাইনালে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা। তাই যেখানেই আড্ডা বা সংবাদ সম্মেলন, সেখানেই ঘুরেফিরে উঠে আসছে বিশ্বকাপের প্রসঙ্গ।

গত বৃহস্পতিবার রাজধানীতে একটি পুরস্কার অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। বিভিন্ন বিষয়ে কথা বলার একপর্যায়ে সাংবাদিকরা জানতে চান, এবারের ফাইনালে তিনি কোন দলকে সমর্থন করছেন।

জবাবে তিশা জানান, তিনি বরাবরই আর্জেন্টিনার সমর্থক। এ সময় পাশে থাকা একজন মজার ছলে বলেন, ‘এখন তো সবাই আর্জেন্টিনা।’

এর উত্তরে তিশা বলেন, ‘অনেকে এখন বলতে পারে আমি আর্জেন্টিনার সমর্থক, কারণ তারা সেমিফাইনালে জিতেছে। কিন্তু আমি অনেক আগে থেকেই আর্জেন্টিনাকে সমর্থন করি। যদিও কখনো জার্সি পরে ছবি পোস্ট করিনি। আমি বহুবার বলেছি, আমি আর্জেন্টিনার সমর্থক। কারণ আমার বাবা আর্জেন্টিনাকে সমর্থন করতেন।’

Advertisements

আলোচনার একপর্যায়ে একজন সাংবাদিক মজা করে প্রশ্ন করেন, ‘আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আপনি কি বিয়ে করে ফেলবেন?’

প্রশ্নটি শুনে হেসে ফেলেন তিশা। এরপর তিনি পাল্টা প্রশ্ন করেন, ‘আর্জেন্টিনার সঙ্গে বিয়ের কী সম্পর্ক?’

তখন তাকে জানানো হয়, অভিনেত্রী পরীমনি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়েছেন— আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে তিনি আবার বিয়ে করবেন। বিষয়টি শোনার পর তিশা হেসে দিলেও এ নিয়ে আর কোনো মন্তব্য করেননি।

প্রসঙ্গত, গত বুধবার দিবাগত রাতে আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল শুরুর আগেই নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দেন পরীমনি। সেখানে তিনি লেখেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করব। ফাইনাল।’

পরীমনির সেই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এরপর তিশার সংবাদ সম্মেলনেও একই প্রসঙ্গ উঠে আসে, যেখানে নিজের স্বভাবসুলভ হাস্যরসাত্মক ভঙ্গিতে তিনি বলেন, ‘আর্জেন্টিনার সঙ্গে বিয়ের কী সম্পর্ক?’

Advertisements
আর্জেন্টিনাতানজিনবিয়ে