সোনাক্ষী-জাহিরের প্রেম নিয়ে কী মন্তব্য করেছিলেন সালমান খান?

বলিউড তারকা সালমান খানকে ঘিরে ভক্তদের আগ্রহের কমতি নেই। শুধু পর্দায় অভিনয় নয়, মানুষের আচরণ ও সম্পর্কের রসায়ন বুঝে নেওয়ার ক্ষেত্রেও তার পর্যবেক্ষণ ক্ষমতা যে বেশ তীক্ষ্ণ, সেই অভিজ্ঞতার কথাই এবার শেয়ার করেছেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও তার স্বামী অভিনেতা জাহির ইকবাল।
সম্প্রতি নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদীর সঞ্চালনায় একটি জনপ্রিয় টক শোতে অতিথি হয়ে নিজেদের প্রেমের শুরুর দিকের নানা অজানা স্মৃতি তুলে ধরেন এই দম্পতি।

সোনাক্ষী ও জাহির জানান, তাদের প্রথম পরিচয় হয়েছিল সালমান খানের আয়োজিত একটি পার্টিতে। সেখান থেকেই শুরু হয় বন্ধুত্ব, যা ধীরে ধীরে প্রেমে রূপ নেয়। তবে ক্যারিয়ারের কথা বিবেচনা করে এবং ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখতে দীর্ঘদিন নিজেদের সম্পর্ক প্রকাশ্যে আনেননি তারা।
যদিও অন্যদের কাছে বিষয়টি গোপন ছিল, সালমান খানের চোখ এড়াতে পারেননি তারা। জাহির ইকবাল জানান, কাউকে কিছু না বললেও তাদের আচরণ ও একে অপরের সঙ্গে মেলামেশা দেখেই সালমান বুঝে গিয়েছিলেন যে দুজনের মধ্যে বিশেষ সম্পর্ক তৈরি হয়েছে।
এ বিষয়ে একদিন মজার ছলেই সালমান খান তাদের বলেন, ‘একসময় তোমাদের ব্রেকআপ হবে। তখন দুজনই আমার কাছে এসে কাঁদবে। কিন্তু আমি কারও পক্ষ নিতে পারব না, কারণ তোমাদের দুজনকেই আমি সমান ভালোবাসি।’

সোনাক্ষী বলেন, সালমান যখনই তাদের সম্পর্ক নিয়ে ইঙ্গিতপূর্ণ প্রশ্ন করতেন বা খোঁচা দিতেন, তখন তারা বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করতেন। কিন্তু একপর্যায়ে সালমান এমনভাবে ইঙ্গিত দেন যে তিনি সবকিছু আগেই বুঝে ফেলেছেন। তখন আর সম্পর্ক গোপন রাখার সুযোগ ছিল না।
তবে সালমান খানের সেই ভবিষ্যদ্বাণী সত্যি হয়নি। বিচ্ছেদের বদলে আরও গভীর হয়েছে তাদের সম্পর্ক। প্রায় সাত বছর প্রেম করার পর ২০২৪ সালের জুন মাসে আইনি প্রক্রিয়ায় বিয়ে করেন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল।
বর্তমানে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন এই বলিউড দম্পতি। প্রেমের শুরুর সেই মজার স্মৃতি ও সালমান খানকে ঘিরে তাদের এই অভিজ্ঞতার গল্প নতুন করে ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।



