যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার স্বপ্ন কি আরও জটিল হতে চলেছে?

আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্টুডেন্ট ভিসা নীতিতে বড় পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। নতুন প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, দীর্ঘদিনের ‘ডিউরেশন অব স্ট্যাটাস’ (Duration of Status) ব্যবস্থা বাতিল করে শিক্ষার্থী, এক্সচেঞ্জ ভিজিটর ও বিদেশি সাংবাদিকদের ভিসায় নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হবে।
যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ (ডিএইচএস) বৃহস্পতিবার এ-সংক্রান্ত বিধিমালা প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, আন্তর্জাতিক শিক্ষার্থী ও এক্সচেঞ্জ ভিজিটররা সাধারণভাবে সর্বোচ্চ চার বছর যুক্তরাষ্ট্রে থাকতে পারবেন। বিদেশি সাংবাদিকদের জন্য একবারে সর্বোচ্চ ২৪০ দিন, আর চীনা সাংবাদিকদের ক্ষেত্রে ৯০ দিন অবস্থানের অনুমতি থাকবে।

নির্ধারিত সময়ের বেশি থাকতে হলে ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন করতে হবে। অন্যথায় যুক্তরাষ্ট্র ত্যাগ করে নতুন করে ভিসা নিয়ে প্রবেশ করতে হবে।
ফেডারেল রেজিস্টারে প্রকাশের ৬০ দিন পর নতুন বিধিমালা কার্যকর হওয়ার কথা রয়েছে। এর আগে এটি কংগ্রেসে পর্যালোচনার মধ্য দিয়ে যাবে।
বিশ্লেষকদের মতে, নতুন নীতির প্রভাব আগামী শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রমে পড়তে পারে। যদিও ডিএইচএস বলছে, রেকর্ডসংখ্যক বিদেশি শিক্ষার্থীর আগমনের কারণে তাদের কার্যকরভাবে পর্যবেক্ষণের স্বার্থেই এ পরিবর্তন আনা হচ্ছে।
তবে অভিবাসন আইনজীবী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশঙ্কা, নতুন নিয়মে যুক্তরাষ্ট্রে পড়াশোনা, গবেষণা ও শিক্ষকতার সুযোগ আরও ব্যয়বহুল ও জটিল হয়ে উঠবে। এতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে উচ্চশিক্ষার গন্তব্য হিসেবে যুক্তরাষ্ট্রের আকর্ষণও কমে যেতে পারে।



