বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
বিনোদন

রাজ্যসভার সদস্যপদ ছাড়লেন কোয়েল মল্লিক, বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা

IMG_2537

পশ্চিমবঙ্গের রাজ্যসভার সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। বৃহস্পতিবার (১৬ জুলাই) তিনি নিজে উপস্থিত হয়ে রাজ্যসভায় পদত্যাগপত্র জমা দেন।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, গত জুনেও তিনি পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। তবে তখন তাকে জানানো হয়, নিয়ম অনুযায়ী ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে পদত্যাগপত্র জমা দিতে হবে। সেই প্রক্রিয়া সম্পন্ন করেই এবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব ছাড়লেন তিনি।

কোয়েলের পদত্যাগের পর রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ৯ জনে। এর আগে দলটির আরও কয়েকজন সদস্য—সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশচিক বরাইক—পদত্যাগ করেছেন।

এদিকে, একাধিক সূত্রের দাবি, পদত্যাগের পরপরই বিজেপির নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠক করেছেন কোয়েল মল্লিক। এরপর থেকেই পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে তার বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা শুরু হয়েছে। যদিও এ বিষয়ে কোয়েল বা বিজেপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Advertisements

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে তৃণমূল কংগ্রেস রাজ্যসভা নির্বাচনের প্রার্থী তালিকায় কোয়েল মল্লিকের নাম ঘোষণা করে। পরে এপ্রিলে তিনি রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নেন। শপথের পর তিনি বলেছিলেন, দেশ ও মানুষের সেবা করার সুযোগ পাওয়া তার জন্য একটি বড় দায়িত্ব এবং সম্মানের বিষয়।

Advertisements
অভিনেত্রীটালিউড