প্রবাসীদের বিমান টিকিটের দাম কমানো হবে: বিমানমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, প্রবাসীদের বিমান টিকিটের মূল্য কমানো এবং দেশে ফেরার পর যাতে তারা কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে লক্ষ্যে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। একই সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হারানো সুনাম ফিরিয়ে আনতেও কাজ চলছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে মানিকগঞ্জের আনন্দময়ী কালিবাড়িতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, সরকারের নির্দেশনায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতের উন্নয়নে কাজ চলছে। তিনি বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাই তাদের বিমান ভাড়া কমানোর পাশাপাশি দেশে ফিরে যেন কোনো ধরনের হয়রানির মুখে না পড়তে হয়, সে বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে আগের সুনামের জায়গায় ফিরিয়ে আনতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।
আফরোজা খানম রিতা আরও বলেন, গত ১৭ বছরে মানিকগঞ্জে প্রত্যাশিত উন্নয়ন হয়নি। জেলার সনাতন ধর্মাবলম্বীদের জন্য উন্নতমানের মন্দির ও পর্যাপ্ত শ্মশানের অভাব রয়েছে। এ কারণে মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলায় দুটি আধুনিক ও দৃষ্টিনন্দন মন্দির এবং আধুনিক শ্মশান নির্মাণের পরিকল্পনার কথা জানান তিনি।
তিনি বলেন, সরকার সব ধর্মের মানুষের জন্য সমানভাবে কাজ করতে চায় এবং সবাইকে সঙ্গে নিয়ে একটি অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য।
অনুষ্ঠানে কালিবাড়ি মন্দিরের সভাপতি ডা. উমেশ চন্দ্র সরকারের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আল মাসুম, পিপি নুরতাজ আলম বাহার, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রণব শিকদার, সাধারণ সম্পাদক রুহিদাস তরফদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে আনন্দময়ী কালিবাড়ি থেকে হাজারো ভক্ত শ্রী শ্রী জগন্নাথ দেবের রথের রশি টেনে মাসির বাড়ির উদ্দেশে যাত্রা করেন। এ সময় ভক্তরা চিনি ও কলা অর্পণ করেন। আগামী সাত দিন পর অনুষ্ঠিত হবে উল্টো রথযাত্রা।



