আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমি ঘিরে টিকিটের বাজারে রেকর্ড দাম, সর্বনিম্ন টিকিট ৩ লাখ টাকা

বিশ্বকাপের সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ইংল্যান্ডের লড়াই ঘিরে দর্শকদের উন্মাদনা পৌঁছেছে তুঙ্গে। লিওনেল মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপ ম্যাচ হিসেবে বিবেচিত হওয়ায় ম্যাচটির টিকিটের চাহিদা বেড়েছে কয়েক গুণ।
ফিফার অফিশিয়াল রিসেল প্ল্যাটফর্মে সবচেয়ে কম দামের ‘ক্যাটাগরি-৩’ টিকিটের মূল্য উঠেছে ২ হাজার ৬০০ ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় ৩ লাখ টাকারও বেশি। অন্যদিকে সবচেয়ে দামি টিকিটের মূল্য পৌঁছেছে ১ লাখ ৫০ হাজার ডলারে। প্ল্যাটফর্মটিতে প্রতি মিনিটেই টিকিটের দাম ওঠানামা করছে।
এর বিপরীতে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের টিকিট ছিল এবারের বিশ্বকাপের সবচেয়ে সাশ্রয়ী। সেই ম্যাচের সর্বনিম্ন টিকিটের মূল্য ছিল ৮০০ ডলার।
অন্যদিকে ফ্রান্স-স্পেন সেমিফাইনালের সর্বনিম্ন টিকিটের মূল্য ফিফার ওয়েবসাইটে ১ হাজার ৩০০ ডলার। তবে ব্যক্তিগত পুনর্বিক্রয় প্ল্যাটফর্মে ফিফার অতিরিক্ত কমিশন না থাকায় তুলনামূলক কম দামে টিকিট পাওয়া যাচ্ছে।
এবারই প্রথম বিশ্বকাপে টিকিট পুনর্বিক্রয়কে বৈধ স্বীকৃতি দিয়েছে ফিফা। যুক্তরাষ্ট্রের আইনি কাঠামো অনুসরণ করে চালু করা এই ব্যবস্থার মাধ্যমে টুর্নামেন্ট শুরুর আগেই প্রায় ৩ বিলিয়ন ডলার আয়ের পূর্বাভাস দেওয়া হয়েছিল, যা কাতার ২০২২ বিশ্বকাপের তুলনায় তিন গুণেরও বেশি।



