চট্টগ্রামসহ পাঁচ জেলা ছাড়া নির্ধারিত সূচিতেই এইচএসসি পরীক্ষা

দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টি, বন্যা ও জলাবদ্ধতা থাকলেও চট্টগ্রামসহ পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় এইচএসসি ও সমমানের পরীক্ষা পূর্বঘোষিত রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে। প্রতিকূল আবহাওয়ার কারণে পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে সতর্কতার সঙ্গে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানোর পরামর্শ দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

সোমবার (১৩ জুলাই) রাতে কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রামসহ পাঁচ জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১৬ জুলাই পর্যন্ত আগের সিদ্ধান্ত অনুযায়ী স্থগিত থাকবে। তবে দেশের অন্য সব শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
আন্তঃশিক্ষা বোর্ড জানিয়েছে, বন্যা পরিস্থিতির কারণে সব জেলার পরীক্ষা স্থগিতের দাবি উঠলেও তা বাস্তবসম্মত নয়। চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী। বারবার পরীক্ষা পেছানো হলে ফল প্রকাশ, বিশ্ববিদ্যালয় ও অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি কার্যক্রমসহ পুরো শিক্ষা ক্যালেন্ডার ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিন্ন প্রশ্নপত্র ব্যবস্থার কারণে একটি বোর্ডের পরিস্থিতি বিবেচনায় দেশের সব শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত রাখা সম্ভব নয়।
তবে কোনো এলাকায় প্রাকৃতিক দুর্যোগে পরীক্ষার্থীদের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়লে বা পরীক্ষা গ্রহণে গুরুতর বিঘ্ন ঘটার আশঙ্কা দেখা দিলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক পরিস্থিতি মূল্যায়ন করে প্রয়োজনীয় তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে পারবেন।
শিক্ষার্থী ও অভিভাবকদের শিক্ষা বোর্ড ও শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে বৃষ্টি, জলাবদ্ধতা ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে পরীক্ষার্থীদের যথেষ্ট সময় হাতে রেখে পরীক্ষাকেন্দ্রে যাওয়ার পরামর্শ দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড।
এ ছাড়া পরীক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।



