আরও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২,১৫৮ টাকা

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০টা থেকে নতুন এ মূল্য কার্যকর হয়েছে। বাজুস জানায়, একই দিন সকাল ৯টায় মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ-সংক্রান্ত স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা। ১৮ ক্যারেট স্বর্ণ বিক্রি হবে প্রতি ভরি ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকায়। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা।
এর আগে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ছিল ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। নতুন সিদ্ধান্তে প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে।
অন্যদিকে, রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। বর্তমানে ২২ ক্যারেট রুপার প্রতি ভরির দাম ৪ হাজার ৬০৭ টাকা। ২১ ক্যারেট রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৩৭৪ টাকায়, ১৮ ক্যারেট রুপা ৩ হাজার ৭৯১ টাকায় এবং সনাতন পদ্ধতির রুপার প্রতি ভরির দাম রয়েছে ২ হাজার ৮৫৮ টাকা।



