পরীক্ষার্থীদের দুর্ভোগে কুমিল্লায় এইচএসসি কেন্দ্র স্থানান্তর

কুমিল্লা নগরীতে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার কারণে পরীক্ষার্থীদের ভোগান্তি কমাতে সরকারি মহিলা কলেজের এইচএসসি পরীক্ষাকেন্দ্র স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা শিক্ষা বোর্ড। অবশিষ্ট পরীক্ষাগুলো নগরীর ছাতিপট্টি এলাকার ভাষাসৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।

সোমবার সন্ধ্যায় কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আহসান পারভেজ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বোর্ডের অধীন ছয় জেলার মধ্যে কেবল কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রেই জলাবদ্ধতার কারণে পরীক্ষা পরিচালনায় উল্লেখযোগ্য সমস্যা দেখা দিয়েছে। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় অপেক্ষাকৃত নিরাপদ ও উঁচু স্থানে কেন্দ্র স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।
সকালে কলেজ ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, বৃষ্টির পানিতে পুরো এলাকা তলিয়ে গেছে। কোমরসমান পানি অতিক্রম করে কিংবা নৌকার সাহায্যে অনেক পরীক্ষার্থী কেন্দ্রে পৌঁছান। এ সময় কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপুর তত্ত্বাবধানে নৌকা, ভ্যান ও রিকশার মাধ্যমে পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাতে সহায়তা করা হয়।
পরীক্ষা শেষে কেন্দ্র পরিবর্তনের ঘোষণা দেওয়া হলে কয়েকজন অভিভাবক আপত্তি জানালেও পরে শিক্ষা বোর্ডের জরুরি বৈঠকে স্থানান্তরের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।
অধ্যাপক আহসান পারভেজ বলেন, আগামী কয়েক দিনও বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। তাই পরীক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দুর্ভোগ কমানোর স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরীক্ষার্থীদের অভিযোগ, জলাবদ্ধতার কারণে অনেকেই নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছাতে পারেননি। ফলে এমসিকিউ অংশে অতিরিক্ত সময় না পাওয়ায় তারা ক্ষতির মুখে পড়েছেন। যদিও সৃজনশীল অংশের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় দেওয়া হয়েছিল, তবে তা এমসিকিউ অংশের সময়ের ঘাটতি পূরণে যথেষ্ট ছিল না।
সরকারি মহিলা কলেজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহসিন জানান, এ কেন্দ্রে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের এক হাজার ৩০৯ জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন। নিচতলার একটি কক্ষে পানি ঢুকে পড়ায় সেটি অন্য তলায় সরিয়ে নেওয়া হয়েছে। শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী বাকি পরীক্ষাগুলোর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।
ভাষাসৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. শরীফুল ইসলাম বলেন, শিক্ষা বোর্ডের কর্মকর্তারা কেন্দ্র পরিদর্শন করেছেন। প্রয়োজনীয় আসবাবপত্র সরবরাহ করা হলে অবশিষ্ট পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজন করা সম্ভব হবে।
কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু জানান, জলাবদ্ধতার মধ্যে নৌকায় করে পরীক্ষার্থীদের কেন্দ্রে নেওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি সরকারের উচ্চপর্যায়ে গুরুত্ব পায়। পরে সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেওয়া হয় এবং পরীক্ষাকেন্দ্র স্থানান্তরের সিদ্ধান্ত সম্পর্কেও অবহিত করা হয়।



