দীপিকার ‘প্রথম প্রেম’ বিতর্কে অবশেষে মুখ খুললেন প্রথম প্রেমিক মুজাম্মিল

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে নিয়ে অভিনেতা ও মডেল মুজাম্মিল ইব্রাহিমের এক পুরোনো সাক্ষাৎকার সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ভাইরাল হওয়ায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা। বিশেষ করে তাঁদের অতীত সম্পর্ক, বিচ্ছেদ এবং সেই সম্পর্ক নিয়ে মুজাম্মিলের কিছু মন্তব্য নিয়ে সমালোচনা তৈরি হলে অবশেষে নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি।

ইনস্টাগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে মুজাম্মিল জানান, যে সাক্ষাৎকারকে নতুন দাবি হিসেবে প্রচার করা হচ্ছে, সেটি আসলে এক বছরেরও বেশি আগে ধারণ করা হয়েছিল। তাঁর ভাষ্য, ভাইরাল হওয়া ভিডিওগুলো দীর্ঘ সাক্ষাৎকারের ছোট ছোট সম্পাদিত অংশ, যেখানে পুরো বক্তব্যের প্রেক্ষাপট ও ভারসাম্য হারিয়ে গেছে।
তিনি লেখেন, ‘বর্তমানে যে ক্লিপগুলো ছড়িয়ে পড়েছে, সেগুলো একটি দীর্ঘ আলোচনার অংশমাত্র। সম্পাদনার কারণে অনেক সময় কথার আসল অর্থ, দ্বিধা এবং সম্মানজনক উপস্থাপনাটি হারিয়ে যায়।’ মুজাম্মিল আরও বলেন, ব্যক্তিগত জীবনের অতীত নিয়ে কথা বললেও তিনি সব সময় সংশ্লিষ্ট মানুষদের প্রতি সম্মান বজায় রাখার চেষ্টা করেছেন। তাঁর মতে, তিনি এখন নিজের কাজ ও জীবন নিয়েই এগিয়ে যেতে চান এবং আলোচনাও সেখানেই সীমাবদ্ধ থাকুক।

ভাইরাল হওয়া ওই সাক্ষাৎকারটি ২০২৫ সালের জুনে সাংবাদিক সিদ্ধার্থ কাননের ইউটিউব অনুষ্ঠানে ধারণ করা হয়। সেখানে মুজাম্মিল দাবি করেছিলেন, দীপিকাই প্রথম তাঁকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন এবং পরবর্তীতে সম্পর্কটি শেষ করার সিদ্ধান্তও তিনিই নেন। সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ‘আমি কাউকে ছেড়ে আসার জন্য কখনো আফসোস করি না। তখন আমি পরিচিত ছিলাম, আর সে ছিল একজন মডেল। আজ সে সুপারস্টার, আমি নই। তবু আমি তার বড় ভক্ত।’

এছাড়া তাঁর দাবি, মুম্বাইয়ে আসার পর দীপিকার প্রথম ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তাঁর সঙ্গে। বিচ্ছেদের পরও কয়েক বছর তাঁদের বন্ধুত্ব বজায় ছিল এবং নিয়মিত যোগাযোগ হতো। তবে দীপিকার বিয়ের পর থেকে তাঁদের আর কোনো যোগাযোগ নেই।
মুজাম্মিল আরও জানান, দীপিকার সাফল্য নিয়ে তাঁর কোনো আক্ষেপ বা ঈর্ষা নেই। বরং তিনি খুশি যে দীপিকা নিজের ক্যারিয়ারে এতটা সফল হয়েছেন। এদিকে পেশাগত ব্যস্ততায় সময় কাটাচ্ছেন দীপিকা পাড়ুকোন। বর্তমানে তিনি সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমার শুটিংয়ে অংশ নিচ্ছেন। এই কাজ শেষ করার পর তিনি মাতৃত্বকালীন বিরতিতে যাওয়ার পরিকল্পনা করেছেন।



