বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনরবিবার, ১২ জুলাই, ২০২৬
নারী

বৈঠা হাতে ২৫ বছরের সংগ্রাম: নারীর জীবনযুদ্ধ

WhatsApp Image 2026-07-12 at 2.40.01 PM

স্বামীর মৃত্যুর পর জীবিকার তাগিদে সংসারের হাল ধরেন শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার তাসলিমা বেগম। মাত্র সাত সন্তানকে নিয়ে অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে থাকা এই নারী শেষ পর্যন্ত স্বামীর রেখে যাওয়া নৌকার বৈঠাই তুলে নেন হাতে। এরপর থেকে টানা ২৫ বছর ধরে মেঘনার শাখানদীতে নৌকা চালিয়ে মানুষ ও কৃষিপণ্য পারাপার করে সংসার চালিয়ে আসছেন তিনি।

তাসলিমার বাড়ি কোদালপুর ইউনিয়নের হাজীপাড়া এলাকায়। নদীভাঙনের কারণে নিজের বসতভিটা হারিয়ে এখন অন্যের জমিতে ঘর তুলে বসবাস করছেন। বয়সের ভার বাড়লেও প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করেন তিনি।

স্থানীয়দের ভাষ্য, ২০০১ সালে ইউনিয়ন পরিষদের উদ্যোগে এলাকায় একটি খেয়াঘাট চালু হয়। তখন থেকেই তাসলিমা নৌকায় যাত্রী ও কৃষিপণ্য পারাপারের কাজ শুরু করেন। অনেক সময় নগদ ভাড়া না নিয়ে কৃষকদের কাছ থেকে ধান, চাল বা মৌসুমি ফসল গ্রহণ করেন। সেই ফসল বিক্রি করেই সংসারের প্রয়োজন মেটান। তাসলিমা জানান, স্বামীর মৃত্যুর পর ছোট ছোট সন্তানদের নিয়ে কঠিন সময় পার করতে হয়েছে। পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিতে বাধ্য হয়ে নৌকা চালানো শুরু করেন। ছেলে-মেয়েদের বড় করেছেন এই আয়ের টাকায়। তবে কয়েক বছর আগে এক ছেলে সড়ক দুর্ঘটনায় একটি পা হারালে চিকিৎসার খরচ বহন করতে গিয়ে আরও আর্থিক সংকটে পড়েন। তাঁর মেয়ে বিবি নাহার বলেন, ছোটবেলা থেকেই মাকে বৈঠা হাতে নদীতে নামতে দেখেছি। সংসারের প্রয়োজনে তিনি কখনো কষ্টকে ভয় পাননি। বয়স বাড়লেও এখনো প্রতিদিন নৌকা চালিয়ে পরিবারের পাশে দাঁড়িয়ে আছেন। সরকারি সহায়তা হিসেবে তাসলিমা বিধবা ভাতা পেলেও নিজের নামে স্থায়ীভাবে বসবাসের জমি এখনো পাননি। অন্যের জমিতে আশ্রয় নিয়ে দিন কাটছে তাঁর। নিজের একটি ছোট্ট ঘরের স্বপ্ন আজও অধরাই রয়ে গেছে।

কোদালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, স্বামীর মৃত্যুর পর তাসলিমা বেগম নৌকা চালিয়ে পরিবারের দায়িত্ব পালন করছেন। স্থানীয় মানুষও তাঁকে বিভিন্নভাবে সহযোগিতা করেন। তাঁর জন্য সরকারি আবাসনের ব্যবস্থা করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার চেষ্টা চলছে।

Advertisements

দীর্ঘ ২৫ বছরের এই সংগ্রাম শুধু একজন নারীর জীবিকার গল্প নয়, বরং প্রতিকূলতার বিরুদ্ধে অদম্য সাহস, আত্মবিশ্বাস ও জীবনসংগ্রামের এক অনন্য দৃষ্টান্ত।

Advertisements
জীবনযুদ্ধনদীভাঙননারীমেঘনাশরীয়তপুর