বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশুক্রবার, ১০ জুলাই, ২০২৬
বিনোদন

বাংলাদেশেও মুক্তি পেল ডিজনির লাইভ-অ্যাকশন ‘মোয়ানা’

images (31)

অ্যানিমেশন প্রেমীদের কাছে ‘মোয়ানা’ শুধু একটি জনপ্রিয় চলচ্চিত্র নয়, বরং সাহস, আত্মবিশ্বাস, স্বপ্ন আর আত্মপরিচয়ের সন্ধানের এক অনুপ্রেরণামূলক গল্প। ২০১৬ সালে ডিজনির মিউজিক্যাল অ্যাডভেঞ্চারধর্মী এই অ্যানিমেশন সিনেমাটি মুক্তির পর বিশ্বজুড়ে ব্যাপক সাড়া ফেলে। প্রায় ৭০০ মিলিয়ন ডলার আয় করা চলচ্চিত্রটির জনপ্রিয়তা আরও বাড়িয়ে দেয় ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘মোয়ানা ২’, যা বিশ্বব্যাপী বক্স অফিসে ১ বিলিয়ন ডলারেরও বেশি আয় করে।

এবার সেই বহুল জনপ্রিয় গল্প ফিরেছে একেবারে নতুন আঙ্গিকে। অ্যানিমেশনের গণ্ডি পেরিয়ে লাইভ-অ্যাকশন সংস্করণে আজ (১০ জুলাই) বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে ‘মোয়ানা’। একই দিনে বাংলাদেশের দর্শকরাও বড় পর্দায় সিনেমাটি দেখার সুযোগ পাচ্ছেন। বহুল প্রতীক্ষিত এ চলচ্চিত্রটি দেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পেয়েছে।

টমাস কাইল পরিচালিত ওয়াল্ট ডিজনি পিকচার্সের এই লাইভ-অ্যাকশন সংস্করণে বাস্তব অভিনেতাদের অভিনয়ের সঙ্গে যুক্ত হয়েছে অত্যাধুনিক ভিজ্যুয়াল ইফেক্ট ও উন্নত অ্যানিমেশন প্রযুক্তি। নির্মাতাদের আশা, নতুন এই উপস্থাপনা দর্শকদের জন্য সম্পূর্ণ ভিন্ন এক সিনেমা দেখার অভিজ্ঞতা তৈরি করবে।

চলচ্চিত্রটির অন্যতম বড় আকর্ষণ মাউই চরিত্রে হলিউড তারকা ডোয়াইন জনসনের প্রত্যাবর্তন। ‘দ্য রক’ নামে পরিচিত এই অভিনেতাই ২০১৬ সালের অ্যানিমেটেড সংস্করণে মাউই চরিত্রে কণ্ঠ দিয়েছিলেন। এবার প্রথমবারের মতো তিনি ক্যামেরার সামনে সেই চরিত্রে অভিনয় করেছেন।

Advertisements

সম্প্রতি এক সাক্ষাৎকারে ডোয়াইন জনসন বলেন, লাইভ-অ্যাকশন সংস্করণে মাউই চরিত্রে অভিনয় করা আমার ক্যারিয়ারের অন্য যেকোনো কাজের চেয়ে আলাদা অভিজ্ঞতা। পর্দায় আমাদের পলিনেশীয় সংস্কৃতি, ঐতিহ্য ও মূল্যবোধকে বাস্তবভাবে তুলে ধরতে পারা আমার জন্য অত্যন্ত আবেগের।’

তিনি আরও জানান, গত এক দশকে বাবা হিসেবে অর্জিত অভিজ্ঞতা মাউই চরিত্রটিকে আরও গভীরভাবে উপলব্ধি করতে তাকে সহায়তা করেছে। একই সঙ্গে এই চরিত্রে তিনি নিজের দাদার প্রতিচ্ছবিও খুঁজে পান। হাওয়াইয়ে কাটানো শৈশবের নানা স্মৃতিও মাউইর সঙ্গে তার আবেগের সম্পর্ককে আরও দৃঢ় করেছে।

অন্যদিকে, বিশ্বের ৩২ হাজারেরও বেশি আবেদনকারীর মধ্য থেকে অডিশনের মাধ্যমে মোয়ানা চরিত্রে নির্বাচিত হয়েছেন নবাগত অভিনেত্রী ক্যাথরিন লাগাইয়া। অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়া সামোয়ান বংশোদ্ভূত এই অভিনেত্রী প্রথম অডিশনেই ‘How Far I’ll Go’ গানটি পরিবেশন করে নির্মাতাদের মুগ্ধ করেন।

চরিত্রটি নিয়ে নিজের অনুভূতি জানিয়ে ক্যাথরিন বলেন, মোয়ানা আমার শৈশবের নায়িকা। তার সাহস, কৌতূহল এবং স্বপ্ন দেখার শক্তি আমাকে আজকের মানুষ হয়ে উঠতে অনুপ্রাণিত করেছে। তাই চরিত্রটির সঙ্গে নিজেকে খুব সহজেই একাত্ম করতে পেরেছি।’

সিনেমার গল্পে দেখা যাবে, নিজের দ্বীপ ও জনগণকে রক্ষার জন্য এক বিপজ্জনক সমুদ্রযাত্রায় বের হয় সাহসী কিশোরী মোয়ানা। এই অভিযানে তার সঙ্গী হয় শক্তিশালী কিন্তু অহংকারী অর্ধ-দেবতা মাউই। নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জ অতিক্রম করতে করতে তারা শুধু প্রকৃতির ভারসাম্য ফিরিয়ে আনার লড়াইই করে না, নিজেদের প্রকৃত পরিচয়, দায়িত্ব ও আত্মবিশ্বাসেরও নতুন উপলব্ধি খুঁজে পায়।

Advertisements
চলচ্চিত্রমোয়ানালাইভ-অ্যাকশন