বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশুক্রবার, ১০ জুলাই, ২০২৬
শিক্ষা

টানা বৃষ্টি-বন্যায় চট্টগ্রামে শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

c416c82aff72423d2699e17ba1e9d1d8dea6ef967317b1ba (1)

বৈরী আবহাওয়া ও চলমান বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার শনিবার (১১ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এদিন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পারভেজ সাজ্জাদ চৌধুরীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার সব পরীক্ষার্থীর জন্য এ সিদ্ধান্ত কার্যকর হবে।

একই কারণে ওই পাঁচ জেলায় মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম এবং কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিএমটি) পরীক্ষাও শনিবার অনুষ্ঠিত হবে না।

শুক্রবার (১০ জুলাই) আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আখতারুজ্জামানের সই করা পৃথক এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

Advertisements

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন জেলাগুলো ছাড়া দেশের অন্যান্য শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীন অন্যান্য জেলার নির্ধারিত পরীক্ষা পূর্বঘোষিত সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।

গত ৫ জুলাই থেকে চট্টগ্রামে টানা ভারী বৃষ্টিপাত শুরু হয়। এর মধ্যে ৭ জুলাই জেলায় গত ৪৩ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড হয়। ৫ জুলাই থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত চট্টগ্রামে মোট ১ হাজার ১৬৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

অবিরাম বৃষ্টির ফলে চট্টগ্রামসহ আশপাশের বিভিন্ন জেলা ও উপজেলা প্লাবিত হয়েছে। একই সঙ্গে পাহাড়ধসের ঘটনায় এখন পর্যন্ত ২৯ জনের মৃত্যু হয়েছে।

এর আগে একই কারণে গত ৮ জুলাই অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করেছিল চট্টগ্রাম শিক্ষা বোর্ড।

Advertisements
এইচএসসিচট্টগ্রামপরীক্ষাবন্যাবৃষ্টি