বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
বিনোদন

মেলবোর্ন উৎসবে বাংলাদেশের ‘রইদ’, ‘দেলুপি’ ও ‘বালুর নগরীতে’

BB_1783581321

অস্ট্রেলিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্নে এবার জায়গা করে নিয়েছে বাংলাদেশের তিনটি সিনেমা। আন্তর্জাতিক অঙ্গনে দেশের চলচ্চিত্রের জন্য এটি একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

দীর্ঘ ১৬ বছর ধরে আয়োজিত হয়ে আসা এই চলচ্চিত্র উৎসবের ১৭তম আসর অনুষ্ঠিত হবে আগামী ১৩ থেকে ২৩ আগস্ট। এবারের আয়োজনে বিশ্বের ৩১টি ভাষার ৭৫টিরও বেশি চলচ্চিত্র প্রদর্শিত হওয়ার কথা রয়েছে।

উৎসবের ‘বেস্ট ফিল্ম ফ্রম দ্য সাবকন্টিনেন্ট’ বা উপমহাদেশের সেরা চলচ্চিত্র বিভাগে প্রতিযোগিতার জন্য বাংলাদেশ থেকে নির্বাচিত হয়েছে তিনটি সিনেমা। এর মধ্যে রয়েছে মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’, মোহাম্মদ তাওকীর ইসলাম পরিচালিত ‘দেলুপি’ এবং মাহদে হাসান পরিচালিত ‘বালুর নগরীতে’।

এই বিভাগে বাংলাদেশের পাশাপাশি দক্ষিণ এশিয়ার আরও কয়েকটি দেশের সিনেমা প্রতিযোগিতা করবে। তালিকায় রয়েছে নেপালের ‘এক মুঠি বাদল’ ও ‘গুডবাই সিস্টারস’, আফগানিস্তানের ‘ইন দ্য রুম’ ও ‘নো গুড মেন’, এবং শ্রীলঙ্কার ‘স্পায়িং স্টারস’।

Advertisements

একই বিভাগে বাংলাদেশের সর্বাধিক সংখ্যক সিনেমা নির্বাচিত হওয়াকে দেশের চলচ্চিত্রের জন্য একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে বিবেচনা করা হচ্ছে। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের নির্মাতাদের কাজের গ্রহণযোগ্যতা ও পরিচিতি বাড়ছে—এটি তারই একটি প্রতিফলন বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

এদিকে চলচ্চিত্র প্রদর্শনীর বাইরে এবারের উৎসবের অন্যতম আকর্ষণ হতে যাচ্ছে বলিউডের জনপ্রিয় সিনেমা লগান’-এর ২৫ বছর পূর্তি উদযাপন। বিশেষ এই আয়োজনে অংশ নিতে বলিউড সুপারস্টার আমির খান মেলবোর্নে উপস্থিত হয়েছেন। তাঁর সঙ্গে রয়েছেন সদ্য বিবাহিত স্ত্রী গৌরি স্প্র্যাট।

এর আগে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে একসঙ্গে বাংলাদেশের একাধিক সিনেমার অংশগ্রহণের নজির রয়েছে। চলতি বছরের শুরুতে অনুষ্ঠিত রটারড্যাম চলচ্চিত্র উৎসবেও বাংলাদেশের ‘রইদ’, ‘দেলুপি’ এবং রেজওয়ান শাহরিয়ার সুমিতের মাস্টার’ অংশ নেয়। ওই উৎসবে ‘মাস্টার’ বিগ স্ক্রিন বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার অর্জন করে দেশের সিনেমার জন্য নতুন ইতিহাস তৈরি করে।

মেলবোর্ন চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের তিন সিনেমার অংশগ্রহণ দেশের চলচ্চিত্রকে আন্তর্জাতিক দর্শকের সামনে আরও পরিচিত করে তুলবে বলে আশা করছেন নির্মাতা ও চলচ্চিত্রপ্রেমীরা।

Advertisements
উৎসবচলচ্চিত্রদেলুপিবালুর নগরীতেমেলবোর্নরইদ