বন্যার পানিতে ভেসে গেল শত শত সাপ, লোকালয়ে আতঙ্ক

চীনের দক্ষিণাঞ্চলের গুয়াংজি ঝুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের হেংঝৌ শহরে বন্যার পানিতে একটি সাপের খামার তলিয়ে যাওয়ার পর প্রায় ৮০০ থেকে ৯০০টি সাপ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে। পালিয়ে যাওয়া সাপগুলোর মধ্যে বিষধর গোখরাও রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম সিজিটিএনের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (৮ জুলাই) বিষয়টি প্রকাশ্যে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এরই মধ্যে উদ্ধারকারী দল মোতায়েন করেছে স্থানীয় প্রশাসন।
চীনা সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের তথ্য অনুযায়ী, টাইফুন ‘মায়সাক’-এর প্রভাবে গুয়াংজি অঞ্চলে কয়েক দিন ধরে ভারী বৃষ্টিপাত হয়। এতে ওই অঞ্চলের বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে যায়। বন্যার পানিতে হেংঝৌ শহরের ইউনবিয়াও টাউনশিপের দেংওয়েই গ্রামের একটি সাপের খামার ডুবে যায়। এর পরই খামারে থাকা বিপুলসংখ্যক সাপ পানির সঙ্গে ভেসে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।
গত মঙ্গলবার (৭ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা যায়, বন্যার পানির মধ্যে দিয়ে অসংখ্য সাপ বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছে। ভিডিওগুলো প্রকাশের পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক আরও বেড়ে যায়।

দেংওয়েই গ্রামের কমিটির প্রধান উ ঝি জানান, গত ৬ জুলাই সকালে খামারটি প্লাবিত হওয়ার ঘটনা ঘটে। এখন পর্যন্ত সাপের কামড়ে একজন গ্রামবাসী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে পালিয়ে যাওয়া সব সাপ বিষধর নয় বলেও জানিয়েছেন তিনি।
স্থানীয় বাসিন্দাদের দাবি, লিউলান ও ইউনবিয়াও জলাধারের বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে নিচু এলাকার কয়েকটি ছোট সাপের খামারে পানি ঢুকে পড়ে। এর ফলেই খামারে থাকা বিপুলসংখ্যক সাপ বেরিয়ে লোকালয়ে চলে আসে।
স্থানীয় সাপচাষি লেই জানান, তার খামার তুলনামূলক উঁচু স্থানে হওয়ায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েনি। তিনি বলেন, ওই এলাকার খামারগুলোতে সাধারণত গোখরা, কিং র্যাট স্নেক এবং জলসাপ পালন করা হয়। এসব সাপের মধ্যে শুধু গোখরা বিষধর। তবে দীর্ঘ সময় পানির নিচে থাকার কারণে পালিয়ে যাওয়া অনেক সাপ মারা যেতে পারে বলেও ধারণা করেন তিনি।

হেংঝৌ জরুরি ব্যবস্থাপনা ব্যুরো জানিয়েছে, সাপের খামার ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি তদন্ত করা হচ্ছে। পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক রাখতে উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম চালানো হচ্ছে।
এদিকে নতুন করে কোনো দুর্ঘটনা এড়াতে দেংওয়েই গ্রামের আশপাশের ক্ষতিগ্রস্ত না হওয়া এলাকার এক ডজনের বেশি বাসিন্দা স্বেচ্ছায় সাপ ধরার দল গঠন করেছেন। তারা বাড়ি বাড়ি গিয়ে ছড়িয়ে পড়া সাপ উদ্ধার করছেন এবং স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন।
প্রশাসনের পক্ষ থেকে বাসিন্দাদের অযথা সাপ ধরার চেষ্টা না করে নিরাপদ দূরত্ব বজায় রাখার এবং প্রয়োজন হলে জরুরি বিভাগের সহায়তা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।



