‘মেসি দেখিয়ে দিলেন চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়’

বিশ্বকাপ ফুটবলের মহাতারকা লিওনেল মেসির জাদুকরী পারফরম্যান্স আর আর্জেন্টিনার দুর্দান্ত জয়ে প্রশংসায় ভাসছে দলটি। পরপর দুটি গোল হওয়ার পরও অবিশ্বাস্যভাবে সেই গোল শোধ করে বাড়তি গোলে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা। তাদের মাঠের সেই উন্মাদনা স্পর্শ করেছে বিশ্বজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা দলটির সমর্থকদের।

এই জয়ে শুধু সাধারণ দর্শক নন, বরং আলবিসেলেস্তেদের ঐতিহাসিক ও রোমাঞ্চকর জয়ে ঢাকার শোবিজ ইন্ডাস্ট্রির তারকারাও উচ্ছ্বাসে মেতে উঠেছেন। তাদেরই একজন ঢালিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। প্রিয় দল আর্জেন্টিার জয়ের পর সোশ্যাল মিডিয়ায় নিজের উচ্ছ্বাস ও ভালো লাগার কথা জানিয়েছেন তিনি।

বুধবার (৮ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে চিত্রনায়িকা লিখেন, ‘আর্জেন্টিনার জন্য কী দুর্দান্ত একটি রাত। যখন সারা বিশ্ব ভেবেছিল সব শেষ, মেসি এবং তার যোদ্ধারা দেখিয়ে দিলেন সত্যিকারের চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়। সাহস, আবেগ আর বিশ্বাস এক নান্দনিক উপায়ে পুরো খেলার মোড় ঘুরিয়ে দিল। আলহামদুলিল্লাহ।’
এদিকে প্রিয় দলের এমন শ্বাসরুদ্ধকর জয়ে পূর্ণিমার এই আবেগঘন বার্তা ফেসবুকে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। তার ভক্ত-অনুরাগীরাও মন্তব্যের ঘরে এসে পূর্ণিমার সঙ্গে সুর মিলিয়ে আর্জেন্টিনা দলের প্রতি ভালোবাসা ও শুভকামনা জানাচ্ছেন।



