বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
বিবিধ

বন্যার ঝুঁকিতে ১৭ জেলা, ৭২ ঘণ্টার সতর্কবার্তা

IMG_2138

আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে দেশের কয়েকটি নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি)। ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলের প্রভাবে চার বিভাগের ১৭ জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে অতি ভারী এবং সিলেট ও বরিশাল বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। একই সময়ে ভারতের মেঘালয় ও ত্রিপুরাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, আগামী চার দিন চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগসহ ভারতের ত্রিপুরা, আসাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গের উজান এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এ ছাড়া ভারতের উড়িষ্যা ও সংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থানরত মৌসুমি নিম্নচাপটি দুর্বল হয়ে বর্তমানে পূর্ব মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকায় সুস্পষ্ট লঘুচাপ হিসেবে অবস্থান করছে।

এফএফডব্লিউসি জানায়, ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি গত ২৪ ঘণ্টায় কমেছে। আগামী তিন দিন পানি আরও কমে পরবর্তী দুই দিনে বাড়তে পারে। তবে এ সময় নদী দুটি বিপদসীমার নিচ দিয়েই প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

Advertisements

গঙ্গা ও পদ্মা নদীর পানিও গত ২৪ ঘণ্টায় কমেছে। গঙ্গার পানি আগামী তিন দিন স্থিতিশীল থাকার পর বাড়তে পারে। অন্যদিকে পদ্মার পানি আগামী পাঁচ দিন কমতে পারে। দুটি নদীই বিপদসীমার নিচে থাকবে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানি আগামী তিন দিনে দ্রুত বাড়তে পারে। এতে সিলেট ও সুনামগঞ্জে নদীর পানি সতর্কসীমায় পৌঁছাতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও সাময়িক প্লাবনের আশঙ্কা রয়েছে।

চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী, ফেনী, সেলোনিয়া, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি দ্রুত বাড়তে পারে। আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে এসব নদীর পানি বান্দরবান, কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ির কিছু এলাকায় বিপদসীমা অতিক্রম করতে পারে। এর ফলে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে। পাশাপাশি লক্ষ্মীপুর ও নোয়াখালীর কিছু নিম্নাঞ্চলও সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

এ ছাড়া সিলেট ও ময়মনসিংহ বিভাগের মনু, ধলাই, খোয়াই, কংস, সারিগোয়াইন, সোমেশ্বরী, যাদুকাটা ও ভুগাই নদীর পানিও আগামী তিন দিনে দ্রুত বাড়তে পারে। এতে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহ জেলার কিছু এলাকায় বিপদসীমা অতিক্রম করে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানিও দ্রুত বাড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তিস্তা নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। এতে নীলফামারী ও লালমনিরহাটের নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে। এছাড়া আগামী ৭২ ঘণ্টার মধ্যে ধরলা ও দুধকুমার নদীর পানি লালমনিরহাট ও কুড়িগ্রামে সতর্কসীমায় পৌঁছাতে পারে, ফলে নিম্নাঞ্চলের কোথাও কোথাও সাময়িক প্লাবন দেখা দিতে পারে।

Advertisements
ঝুঁকিবন্যাসতর্কবার্তা