বর্ষার দিনে ব্যাগে যা রাখা দরকার

বর্ষা ঋতু মানেই আকাশে মেঘের ঘনঘটার সঙ্গে অঝোর বর্ষণ। বর্ষার সৌন্দর্য উপভোগের পাশাপাশি আমাদের নিজেদের একটু প্রস্তুত থাকা প্রয়োজন। হুট করে আকাশের মন খারাপ হয়ে যায়, খানিক পরেই মিষ্টি রোদ। তাই বর্ষায় একটু সতর্ক না হলে আবহাওয়ার খামখেয়ালি স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ হতে পারে। এসময় ব্যাগে রাখতে পারেন প্রয়োজনীয় কয়েকটি জিনিস যেগুলো আপনাকে দেবে সুরক্ষা।
সবচেয়ে দরকারি ‘ছাতা’
বর্ষায় সবচেয়ে দরকারি জিনিসগুলোর একটি হলো ছোট ভাঁজ করা ছাতা। বড় ছাতা বহন করা অনেক সময় ঝামেলার মনে হলেও ব্যাগে রাখা যায় এমন ছোট ছাতা হঠাৎ বৃষ্টি থেকে আপনাকে রক্ষা করতে পারে। অফিস, ক্লাস কিংবা বাইরে কোনো কাজে বের হলে একটি ছাতা সঙ্গে থাকলে নিশ্চিন্ত থাকা যায়।

রেইনকোট
বৃষ্টির ছাঁট থেকে নিজেকে বাঁচাতে সঙ্গে রাখতে পারেন রেইনকোট। বিশেষ করে যারা মোটরবাইক বা সাইকেলে চলাফেরা করেন, তাদের জন্য রেইনকোট খুবই জরুরি।
ওয়াটারপ্রুফ পাউচ
বৃষ্টির পানিতে সবচেয়ে বেশি ক্ষতি হয় গুরুত্বপূর্ণ কাগজপত্র, টাকা, কার্ড ও ইলেকট্রনিক সামগ্রীর। ব্যাগ ভিজে গেলেও যেন এসব জিনিস নিরাপদ থাকে, এজন্য সঙ্গে একটি ওয়াটারপ্রুফ পাউচ রাখা ভালো। এতে প্রয়োজনীয় জিনিস আলাদা করে সুরক্ষিত রাখা যায়।
টিস্যু পেপার ও ওয়েট টিস্যু পেপার
বৃষ্টির খানিকটা ছাঁট লেগে গেলে তা মুছতে শুকনা টিস্যু পেপারই যথেষ্ট হবে। কিন্তু কাদা বা ময়লা লেগে গেলে শুকনা টিস্যু পেপারে কাজ চলবে না। সুযোগ পেলে হয়তো পানি দিয়ে ধুয়ে ফেলতে পারবেন অনেক কিছুই। কিন্তু সব সময় তেমন সুযোগ না-ও পেতে পারেন, তাই ব্যাগে রাখুন ওয়েট টিস্যু।

স্যানিটাইজার ভোলা যাবে না
বর্ষায় রাস্তা, যানবাহন ও চারপাশের পরিবেশে আর্দ্রতার কারণে পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। হাত ধোয়ার সুযোগ না থাকলে ছোট একটি স্যানিটাইজার সঙ্গে থাকলে সুবিধা হয়। খাবার খাওয়ার আগে বা বাইরে থেকে এসে এটি ব্যবহার করা যেতে পারে।
ফোনের জন্য সুরক্ষা
বর্তমান সময়ে মোবাইল আমাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু বৃষ্টিতে সামান্য অসাবধানতাতেই ফোন ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই ব্যাগে একটি ওয়াটারপ্রুফ ফোন কভার বা পাউচ রাখা বুদ্ধিমানের কাজ। বৃষ্টির সময় ফোন নিরাপদ রাখার পাশাপাশি জরুরি যোগাযোগও ঠিক রাখা যায়।

টুকিটাকি মেকআপের সামগ্রী ও অন্যান্য
বৃষ্টিতে মেকআপ নষ্ট হয়ে যেতে পারে। ব্যাগে ছোটখাটো কিছু মেকআপের সামগ্রী থাকলে প্রয়োজনে সুবিধাজনক সময়ে তা কাজে লাগিয়ে নিতে পারবেন অনায়াসেই। চিরুনিও রাখতে পারেন। এমনকি চাইলে ছোট্ট একটা আয়নাও। এছাড়া ব্যাগে ছোট একটি পারফিউম বা ডিওডোরেন্ট থাকলে বাইরে দীর্ঘ সময় থাকার পরও সতেজ অনুভব করা যায়।
বর্ষায় প্রস্তুতি মানে শুধু বৃষ্টি থেকে বাঁচা নয়, বরং দিনের ছোট ছোট অস্বস্তি কমিয়ে আরামদায়ক থাকা। ব্যাগে কয়েকটি প্রয়োজনীয় জিনিস গুছিয়ে রাখলেই বৃষ্টির দিনগুলো হয়ে উঠতে পারে সহজ ও উপভোগ্য।



