বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
বিবিধ

চট্টগ্রামে ভারী বর্ষণ, নিম্নাঞ্চলে জলাবদ্ধতা

চট্টগ্রামে ভারী বর্ষণ, নিম্নাঞ্চলে জলাবদ্ধতা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এসব এলাকায় গোড়ালি থেকে হাঁটুসমান পানি জমেছে। জলাবদ্ধতার কারণে রাস্তাঘাটে যান চলাচল ব্যাহত হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।

আবহাওয়া অধিদপ্তরের চট্টগ্রামের পতেঙ্গা কার্যালয়ের তথ্য অনুযায়ী, সোমবার (৬ জুলাই) সকাল ৬টা পর্যন্ত এর আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২৮২ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

টানা তিন দিন ধরে চট্টগ্রামে বৃষ্টি হচ্ছে। এর মধ্যে মঙ্গলবার (৭ জুলাই) ভোর থেকে সকাল পর্যন্ত টানা বৃষ্টি হয়। এ অবস্থায় নগরের অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে। নগরের বাণিজ্যিক এলাকা আগ্রাবাদ, কাতালগঞ্জ, কাপাসগোলা, ফরিদার পাড়া, চান্দগাঁও, চকবাজারের তেলেপট্টি গলি, কাট্টলীর ঈশান মহাজন সড়ক, হালিশহরের কে ও এল ব্লকের সোনালি আবাসিক, বসুন্ধরা আবাসিক , রামপুর, আনন্দীপুরসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এসব এলাকার মধ্যে আগ্রাবাদ, কাতালগঞ্জে হাঁটুপানি রয়েছে। গাছ ভেঙে পড়েছে ঈশান মহাজন সড়কে। গাড়ি চলাচল বন্ধ রয়েছে সড়কটিতে।

জোবায়ের হোসেন নামের এক চাকরিজীবী বলেন, তাদের অফিস আগ্রাবাদ এলাকায়। কিন্তু সেখানে সকাল থেকে হাঁটুসমান পানি জমেছে। পানির কারণে অফিসে ঢুকতে বেগ পেতে হয়েছে।

Advertisements

নগরের ফরিদার পাড়ার বাসিন্দা ইফতেখার উদ্দিন জানান, তাদের এলাকার সড়কে পানি জমেছে। সকালবেলায় পানি জমে থাকার কারণে ঘর থেকে বের হতে গিয়ে ভোগান্তিতে পড়তে হয়েছে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের উপপ্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা প্রণব কুমার শর্মা বলেন, নগরের কয়েকটি এলাকায় পানি জমে থাকার খবর পেয়েছেন। দুই দিন ধরে ভারী বর্ষণ হচ্ছে। আজ সকালে জোয়ারও যুক্ত হয়েছে। এ কারণে এসব এলাকায় পানি জমেছে। নালা ও খাল পরিষ্কার থাকায় পানি দ্রুত নেমে যাচ্ছে। তবে নগরের জলাবদ্ধতাপ্রবণ বেশ কিছু এলাকায়, যেমন মুরাদপুর, বহদ্দারহাট, দুই নম্বর গেট এলাকায় পানি ওঠার খবর পাননি।

নগরের জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, পানি উন্নয়ন বোর্ড চারটি প্রকল্প বাস্তবায়ন করছে। ৮ থেকে ১০ বছর ধরে চারটি প্রকল্পের কাজ চলছে। গত মার্চ পর্যন্ত ব্যয় হয়েছে ১০ হাজার ৪০৮ কোটি টাকা। বিপুল অর্থ ব্যয়ের পরও জলাবদ্ধতা পুরোপুরি নিরসন হয়নি। চলতি বছর সবচেয়ে বেশি জলাবদ্ধতা হয় গত ২৮ এপ্রিল।

Advertisements
চট্টগ্রামজলাবদ্ধতাভারী বর্ষণ