এইচএসসি পরীক্ষার তৃতীয় দিনে অনুপস্থিতির সংখ্যা ছাড়াল ৩৩ হাজার

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার তৃতীয় দিনে অসদুপায় অবলম্বনের অভিযোগে ৪৮ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই দিনে পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৩৩ হাজার ১২৯ জন পরীক্ষার্থী।
সোমবার (৬ জুলাই) বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিন ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসির ইংরেজি প্রথম পত্র, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিমের বাংলা প্রথম পত্র এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (ভোকেশনাল), বিএমটি ও ডিপ্লোমা ইন কমার্সের বিভিন্ন বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের ১ হাজার ৬২০টি কেন্দ্রে অনুষ্ঠিত ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় মোট ৪৩ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। এর মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডে ১০ জন, রাজশাহী বোর্ডে ৩ জন, কুমিল্লা বোর্ডে ৮ জন, যশোর বোর্ডে ৩ জন, সিলেট বোর্ডে ১ জন, বরিশাল বোর্ডে ৪ জন, দিনাজপুর বোর্ডে ৭ জন এবং ময়মনসিংহ বোর্ডে ৭ জন রয়েছেন।
এই পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল ৯ লাখ ৯৭ হাজার ২১ জন পরীক্ষার্থীর। তবে পরীক্ষায় অংশ নেয় ৯ লাখ ৭১ হাজার ৯৮৭ জন। ফলে অনুপস্থিত ছিল ২৫ হাজার ৩৪ জন পরীক্ষার্থী।
অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত আলিমের বাংলা প্রথম পত্র পরীক্ষায় দুই পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। ৪৬০টি কেন্দ্রে মোট ৮৩ হাজার ৩৩৩ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা থাকলেও পরীক্ষায় অংশ নেয় ৭৮ হাজার ১৮১ জন। এ পরীক্ষায় অনুপস্থিত ছিল ৫ হাজার ১৫২ জন।
এ ছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি (ভোকেশনাল), বিএমটি ও ডিপ্লোমা ইন কমার্সের বিভিন্ন বিষয়ের পরীক্ষায় তিন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। এসব পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ২ হাজার ৯৪৩ জন।
সব মিলিয়ে এইচএসসি ও সমমান পরীক্ষার তৃতীয় দিনে ৪৮ জন পরীক্ষার্থী বহিষ্কৃত এবং ৩৩ হাজার ১২৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।



