বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশনিবার, ৪ জুলাই, ২০২৬
জীবনযাপন

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে?

IMG_2025

টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকা বা দীর্ঘ সময় উপবাস বর্তমানে স্বাস্থ্যসচেতন অনেকের কাছে জনপ্রিয় একটি অভ্যাস। ওজন নিয়ন্ত্রণ, বিপাকীয় স্বাস্থ্য উন্নত করা এবং শরীরকে নতুনভাবে সক্রিয় করার উদ্দেশ্যে অনেকেই এ পদ্ধতি অনুসরণ করেন। তবে দীর্ঘ সময় না খেয়ে থাকলে শরীরে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞদের মতে, খাবার গ্রহণ বন্ধ হওয়ার পর শরীর প্রথমে যকৃতে সঞ্চিত গ্লাইকোজেন ব্যবহার করে রক্তে গ্লুকোজের স্বাভাবিক মাত্রা বজায় রাখে। গ্লাইকোজেনের মজুত কমে গেলে শরীর শক্তির জন্য সঞ্চিত চর্বি ব্যবহার শুরু করে এবং কিটোন উৎপন্ন হয়। একই সঙ্গে গ্লুকাগন হরমোনের মাত্রা বৃদ্ধি পায় এবং ইনসুলিনের মাত্রা কমে আসে।

এ সময় অনেকের ক্ষুধা, ক্লান্তি, মাথাব্যথা, মাথা ঘোরা, বিরক্তি, মনোযোগে ঘাটতি বা হালকা দুর্বলতা দেখা দিতে পারে। বিশেষ করে যারা দীর্ঘ সময় না খেয়ে থাকার অভ্যাসে অভ্যস্ত নন, তাদের মধ্যে এসব উপসর্গ বেশি দেখা যায়।

বিশেষজ্ঞরা জানান, অধিকাংশ সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে ২৪ ঘণ্টা না খেয়ে থাকলেও রক্তে শর্করার মাত্রা সাধারণত বিপজ্জনকভাবে কমে যায় না। কারণ যকৃত প্রয়োজন অনুযায়ী রক্তে গ্লুকোজ সরবরাহ করে। তবে ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তি, ইনসুলিন বা রক্তে শর্করা নিয়ন্ত্রণের ওষুধ গ্রহণকারী, গর্ভবতী ও স্তন্যদানকারী নারী, শিশু এবং দুর্বল বয়স্কদের জন্য দীর্ঘ সময় না খেয়ে থাকা ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া তাদের এ ধরনের উপবাস না করার পরামর্শ দেওয়া হয়েছে।

Advertisements

ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশন (এনসিবিআই)-এ ২০২৩ সালে প্রকাশিত ফিজিওলজি, ফাস্টিং’ শীর্ষক গবেষণায় বলা হয়েছে, নিয়মিত উপবাস ইনসুলিন সংবেদনশীলতা বাড়াতে, শরীরের অতিরিক্ত চর্বি কমাতে, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে এবং মেটাবলিক সিনড্রোমের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে। প্রাণীর ওপর পরিচালিত গবেষণায় আলঝেইমার ও পারকিনসন রোগের অগ্রগতি ধীর হওয়ার সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে।

তবে গবেষণায় সতর্ক করে বলা হয়েছে, দীর্ঘ সময় না খেয়ে থাকার ফলে মাথাব্যথা, হাইপোগ্লাইসেমিয়া, ডিহাইড্রেশন, ক্যাফেইন প্রত্যাহারজনিত সমস্যা এবং দীর্ঘমেয়াদে কর্টিসল ও গ্লুকোকর্টিকয়েডের প্রভাবে পেশীক্ষয় ও ইনসুলিন রেজিস্ট্যান্সের মতো জটিলতা দেখা দিতে পারে। তাই ২৪ ঘণ্টা উপবাসের মতো খাদ্যাভ্যাস শুরু করার আগে অবশ্যই একজন স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার সুপারিশ করেছেন গবেষকরা।

Advertisements
স্বাস্থ্য