৪ অক্টোবর, ২০২৬ | রবিবারবাংলা: ১৯ আশ্বিন ১৪৩৩
বিনোদন

চেম্বারের ব্যস্ততার আগে ভোট দিলেন এজাজুল ইসলাম

IMG_2012

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে ভোট দিয়েছেন অভিনেতা ও চিকিৎসক এজাজুল ইসলাম। শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে এসে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি।

এত সকালে ভোট দিতে আসার কারণ জানিয়ে এজাজুল ইসলাম বলেন, শুক্রবার তার চেম্বারে রোগীর চাপ বেশি থাকে। তাই দিনের ব্যস্ততা শুরুর আগেই ভোট দিয়ে নিয়েছেন। তিনি জানান, প্রতি নির্বাচনে তিনি সকালেই ভোট দেওয়ার চেষ্টা করেন।

নির্বাচন নিয়ে প্রত্যাশা প্রকাশ করে এজাজুল ইসলাম বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে শেষ হোক। ভোট শেষে সবাই যেন একসঙ্গে কাজ করতে পারেন এবং কোনো বিভেদ না থাকে, সেটিই তিনি চান।

শুক্রবার সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়। ভোট চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। জুমার নামাজের জন্য দুপুরে এক ঘণ্টা বিরতি রাখা হয়েছে।

তবে ভোট শুরুর কয়েক ঘণ্টা পরও কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল খুবই কম। দুপুর ১২টা পর্যন্ত মাত্র ৪০টি ভোট পড়ে। ভোটার উপস্থিতি কম থাকায় নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরুকে মাইক হাতে শিল্পীদের ভোটকেন্দ্রে আসার আহ্বান জানাতে দেখা যায়।

এবারের নির্বাচনে মোট ভোটার ৫৭৩ জন। দুটি পূর্ণাঙ্গ প্যানেলের পাশাপাশি ছয়জন স্বতন্ত্র প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন স্বপ্না কাশেম, আন্না কামরুননাহার, তাহমিনা হোসেন বেবী, হোসেন আরা রিয়া, পলাশ খান ও ইউসুফ খান।

Advertisements

Advertisements