বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশনিবার, ৪ জুলাই, ২০২৬
বিনোদন

গোপনে বিয়ে সেরেছেন টেইলর-ট্রাভিস? জমকালো আয়োজনের আগেই জোর গুঞ্জন

IMG_1983

বিশ্বখ্যাত পপতারকা টেইলর সুইফট ও এনএফএল তারকা ট্রাভিস কেলসিকে ঘিরে নতুন করে বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বহুল আলোচিত বিয়ের আয়োজন শুরুর আগেই দাবি উঠেছে, তারা ইতোমধ্যেই সীমিত পরিসরে গোপনে বিয়ে সম্পন্ন করেছেন। তবে এ দাবির স্বাধীন কোনো নিশ্চিত তথ্য এখনো পাওয়া যায়নি।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট-এর পেজ সিক্স জানিয়েছে, ৩৬ বছর বয়সী এই তারকা জুটি পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে বিয়ে করেছেন। তবে কবে বা কোথায় বিয়ে হয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি। প্রতিবেদনে শুধু বলা হয়েছে, সম্প্রতি টেইলর সুইফটের ব্যক্তিগত বিমান কিছু সময়ের জন্য ন্যাশভিলে অবস্থান করেছিল।

তবে বার্তা সংস্থা রয়টার্স স্বাধীনভাবে এ তথ্য নিশ্চিত করতে পারেনি। টেইলর সুইফটের মুখপাত্রও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি।

এদিকে নিউইয়র্কের ঐতিহাসিক ম্যাডিসন স্কয়ার গার্ডেনে কয়েকদিন ধরেই ব্যাপক প্রস্তুতি চলতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, এখানেই এই তারকা জুটির বর্ণাঢ্য উদযাপন অনুষ্ঠিত হচ্ছে।

Advertisements

টেইলর সুইফটের প্রচার-দল জানিয়েছে, বিয়ের আনন্দ উপলক্ষে টেইলর ও ট্রাভিস নিউইয়র্কসহ বিভিন্ন শহরের কয়েকটি দাতব্য প্রতিষ্ঠানে মোট ২ কোটি ৬০ লাখ মার্কিন ডলার অনুদান দিয়েছেন।

একাধিক মার্কিন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার প্রায় ১০০ অতিথিকে নিয়ে একটি ব্যক্তিগত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার আরও বড় পরিসরে প্রায় এক হাজার অতিথির উপস্থিতিতে মূল উদযাপন হওয়ার কথা রয়েছে।

অনুষ্ঠানকে কেন্দ্র করে ম্যাডিসন স্কয়ার গার্ডেনের আশপাশে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। কয়েকটি সড়ক বন্ধ করে দিয়েছে পুলিশ। কালো কাচে ঢাকা একাধিক এসইউভি গাড়িকে অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে দেখা গেছে। এ ছাড়া অভিনেতা ব্রাডলি কুপার, অভিনেত্রী লিনা ডানহাম ও উপস্থাপক এরিন অ্যান্ড্রুজসহ কয়েকজন পরিচিত মুখকে আশপাশে দেখা গেছে।

রয়টার্সের এক সাংবাদিক অনুষ্ঠানস্থলের প্রবেশপথে টানানো একটি নোটিশে দেখেছেন, ২৯ জুন থেকে ৩ জুলাইয়ের মধ্যে প্রবেশকারী সবার ছবি তোলা হতে পারে। একই সঙ্গে অতিথিদের কঠোর গোপনীয়তা বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

সপ্তাহজুড়ে অনুষ্ঠানস্থলে বিপুল পরিমাণ গাছপালা, সাজসজ্জার সামগ্রী, ‘গার্ডেন পার্টি’ লেখা বাক্স এবং লবস্টারের মাংসভর্তি কনটেইনার আনা হয়েছে। এ ছাড়া ম্যাডিসন স্কয়ার গার্ডেনের প্রকাশিত সূচিতে ২৯ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত কোনো অনুষ্ঠান না থাকাও বিয়ের গুঞ্জনকে আরও জোরালো করেছে।

এদিকে অনুষ্ঠান উপলক্ষে আশপাশের সড়ক বন্ধ থাকায় স্থানীয় কিছু বাসিন্দা ও পর্যটক ভোগান্তিতে পড়লেও টেইলর সুইফটের ভক্তদের মধ্যে দেখা গেছে ব্যাপক উচ্ছ্বাস।

Advertisements
টেইলর সুইফটপপ তারকা