‘ইসরায়েলি’ প্রতিপক্ষের বিপক্ষে খেলতে অস্বীকৃতি, বিশ্ব দাবায় আলোচনায় ৮ বছরের লেবানিজ দাবাড়ু

লেবাননের আট বছর বয়সী দাবাড়ু লরেন আবদেল সামাদ বিশ্ব যুব দাবা চ্যাম্পিয়নশিপে ‘ইসরায়েলি’ দুই প্রতিপক্ষের বিপক্ষে নির্ধারিত ম্যাচ থেকে নাম প্রত্যাহার করে আলোচনায় এসেছেন। তার এই সিদ্ধান্তের কারণে তিনি দুটি ম্যাচেই স্বয়ংক্রিয়ভাবে পরাজিত হন এবং গুরুত্বপূর্ণ রেটিং পয়েন্ট হারান।

লেবাননের গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ১৪ থেকে ২৭ জুন জর্জিয়ার বাতুমি শহরে অনুষ্ঠিত অনূর্ধ্ব-৮ বছর বয়সী বিশ্ব যুব দাবা চ্যাম্পিয়নশিপে লরেন এই সিদ্ধান্ত নেন। এতে টুর্নামেন্টে তার চূড়ান্ত অবস্থানও প্রভাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়।
পরিবারের দাবি, এটি ছিল লরেনের ব্যক্তিগত সিদ্ধান্ত। তারা জানান, এই সিদ্ধান্তের ফলে টুর্নামেন্টে তার স্কোর কমে যাবে, বিষয়টি সে জানত। তারপরও ‘ইসরায়েলি’ খেলোয়াড়দের মুখোমুখি না হওয়ার সিদ্ধান্তে অটল ছিল।
লরেনের বাবা বাসাম আবদেল সামাদ বলেন, তার মেয়ে ইচ্ছাকৃতভাবেই দুই ‘ইসরায়েলি’ প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ থেকে সরে দাঁড়িয়েছে।
তিনি আরও বলেন, লরেন নিয়মিত সংবাদ দেখে এবং যুদ্ধের কারণে ঘরবাড়ি ধ্বংস ও শিশুদের ওপর হামলার খবর তাকে গভীরভাবে প্রভাবিত করেছে।
তার ভাষ্য, লেবাননের আইন খেলতে বাধা না দিলেও লরেন নিজ ইচ্ছায় ওই ম্যাচগুলো খেলতে চায়নি। অল্প বয়স হলেও তার নিজের একটি দৃঢ় অবস্থান রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
বিশ্ব যুব দাবা চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার আগেই লরেন লেবাননে বেশ কয়েকটি সাফল্য অর্জন করেছেন। তিনি লেবানিজ আমেরিকান ইউনিভার্সিটি (এলএইউ) দাবা চ্যাম্পিয়নশিপে প্রথম স্থান অর্জন করেন এবং নিজের বয়সভিত্তিক বিভাগে লেবানিজ দাবা ফেডারেশনের শিরোপাও জেতেন।
বৈরুতে ফিরে এখন ২০২৬ সালের লেবানিজ দাবা চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এই উদীয়মান দাবাড়ু।



