বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনসোমবার, ২৯ জুন, ২০২৬
বিনোদন

সমালোচনার ঝড়ে কোক স্টুডিও বাংলার নতুন গান ‘মেঘ’

coke-studio-1-20260629181151

এক মাসের ব্যবধানে প্রকাশিত হয়েছে কোক স্টুডিও বাংলা সিজন ৪-এর দ্বিতীয় গান ‘মেঘ’। গানটিতে কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ শোয়েব, মাশা ইসলাম ও মৌসুমি। সংগীতায়োজন করেছেন শায়ান চৌধুরী অর্ণব, যিনি পুরো প্রজেক্টের মূল সংগীত প্রযোজক।

বর্ষার আবহে স্নিগ্ধতার প্রত্যাশা থাকলেও মুক্তির পর গানটি নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে শ্রোতাদের মধ্যে। ইউটিউব ও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে অনেকে গানটির সুর, সংযোজন ও উপস্থাপনাকে নিয়ে সমালোচনা করছেন।

গানটিতে শাস্ত্রীয় সংগীতের সঙ্গে আধুনিক সুরের মিশ্রণ করা হয়েছে। পাশাপাশি স্মরণ দত্তের লেখা একটি অংশ এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর বিখ্যাত কবিতা সোনার তরী ব্যবহার করে নতুনভাবে পরিবেশন করা হয়েছে, যা নিয়েই মূলত আপত্তি উঠেছে শ্রোতাদের একাংশের।

ইউটিউব কমেন্টে অনেকে গানটিকে ‘ফিকে’ এবং ‘অখাদ্য’ বলে সমালোচনা করেছেন। কেউ কেউ বলেছেন, ‘সোনার তরী’ অংশটি যুক্ত না থাকলে গানটি আরও ভালো হতে পারত। আবার অনেকেই কটাক্ষ করে মন্তব্য করেছেন যে, গানটি পরীক্ষার্থীদের জন্য স্মরণীয় হয়ে থাকবে।

সামাজিক মাধ্যমে সংস্কৃতি অঙ্গনের কয়েকজন ব্যক্তিও গানটি নিয়ে মতামত দিয়েছেন। কথাসাহিত্যিক আনিসুল হক মন্তব্য করেন, যে কোনো শিল্পী পরীক্ষার অধিকার রাখলেও এই উপস্থাপনাকে তিনি ব্যর্থ বলে মনে করেন।

অন্যদিকে সাংবাদিক দাউদ হোসেন রনি ফেসবুক পোস্টে গানটির কঠোর সমালোচনা করে বলেন, রবীন্দ্রনাথের কবিতার এমন উপস্থাপনা গ্রহণযোগ্য হয়নি।

তবে এ বিষয়ে সংগীত প্রযোজক অর্ণব বা শিল্পীদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে কোক স্টুডিও বাংলার নাম ও প্রকল্প নিয়েও বিভিন্ন মহলে আলোচনা চলছে। কেউ কেউ নাম পরিবর্তনেরও দাবি তুলছেন।

কোক স্টুডিও বাংলামাশা ইসলামশায়ান চৌধুরী অর্ণব