বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনসোমবার, ২৯ জুন, ২০২৬
নারী

অনগ্রসর নারীদের জন্য সুখবর! সেলাই মেশিন কিনতে ৩৭ কোটি টাকা বরাদ্দ সরকারের

1000137251-20260108131227

সমাজের অনগ্রসর ও সুবিধাবঞ্চিত নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে আগামী ২০২৫-২৬ অর্থবছরে সেলাই মেশিন কেনার জন্য ৩৭ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন। তিনি বলেন, সেলাই মেশিন কেনার কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। ক্রয় প্রক্রিয়া শেষ হলে পর্যায়ক্রমে উপকারভোগীদের মধ্যে সেগুলো বিতরণ করা হবে।

সোমবার জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সদস্য নিলোফার চৌধুরী মনির এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান মন্ত্রী। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

এদিকে জামালপুর-৩ আসনের সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, শিশু ধর্ষণ ও নির্যাতন প্রতিরোধে সরকার আইন, নীতিমালা এবং বিভিন্ন সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০২৬ ইতোমধ্যে সংসদে পাস হয়েছে। নতুন আইনে শিশু ধর্ষণ ও নির্যাতনের মামলার বিচার পরিচালিত হবে এবং ডিএনএ আইন-২০১৪ অনুযায়ী অভিযুক্ত ও ভুক্তভোগীর সম্মতি থাকুক বা না থাকুক, ডিএনএ পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি ২০২৫ সালের সংশোধনীর মাধ্যমে ধর্ষণ মামলার তদন্ত ও বিচার আরও দ্রুত সম্পন্ন করার বিধান যুক্ত হয়েছে।

মন্ত্রী আরও জানান, নির্যাতনের শিকার নারী ও শিশুকে সমন্বিত সেবা দিতে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে পর্যায়ক্রমে ৩৭টি ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) স্থাপন করা হবে। বর্তমানে ১৪টি ওসিসির মাধ্যমে চিকিৎসা, আইনি সহায়তা, পুলিশি সহায়তা, মনোসামাজিক কাউন্সেলিং, পুনর্বাসন ও আয়বর্ধক প্রশিক্ষণসহ বিভিন্ন সেবা দেওয়া হচ্ছে। এসব কেন্দ্র থেকে এখন পর্যন্ত ৮২ হাজার ৬৭৮ জন সেবা পেয়েছেন।

এ ছাড়া জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত ৯৫টি ওয়ানস্টপ ক্রাইসিস সেলের মাধ্যমে এ পর্যন্ত ১ লাখ ৭০ হাজার ৫২৩ জন নির্যাতনের শিকার নারী ও শিশুকে বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া হয়েছে।

তিনি বলেন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ২৪ ঘণ্টাব্যাপী টোল-ফ্রি জাতীয় হেল্পলাইন ১০৯ চালু রয়েছে। এই সেবার মাধ্যমে এখন পর্যন্ত ৮৮ লাখ ৪৬ হাজার ৯৪০ জন নারী ও শিশুকে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করা হয়েছে।

অনগ্রসর নারীমহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীসংরক্ষিত মহিলা আসনসেলাই মেশিনস্বাবলম্বী