এবার পরিচালকের বিরুদ্ধে মুখ খুললেন পারসা ইভানা

অভিনেত্রী পারসা ইভানা পরিচালক ফারহাদ আহমেদ ইশানের বিরুদ্ধে পারিশ্রমিক বকেয়া রাখা এবং অপেশাদার আচরণের অভিযোগ তুলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, একটি কাজের পারিশ্রমিকের জন্য গত সাত মাস ধরে অপেক্ষা করেও এখনো পুরো অর্থ বুঝে পাননি। একই সঙ্গে প্রযোজনা দলের আরও অনেক সদস্যেরও পাওনা পরিশোধ করা হয়নি বলে দাবি করেন তিনি।
নিজের পোস্টে পারসা বলেন, বিষয়টি কেবল তার ব্যক্তিগত পাওনার নয়; পুরো কাজের পরিবেশ নিয়েই তার হতাশা রয়েছে। তার অভিযোগ, যোগাযোগ, পেশাদারিত্ব এবং পারিশ্রমিক পরিশোধ- সব ক্ষেত্রেই নানা সমস্যার সম্মুখীন হয়েছেন তিনি।

অভিনেত্রী জানান, পারিশ্রমিকের একটি অংশ পেলেও এখনো সম্পূর্ণ অর্থ হাতে পাননি। তবে নিজের পাওনার চেয়ে প্রযোজনা দলের কর্মীদের বকেয়া নিয়ে তিনি বেশি উদ্বিগ্ন। বিশেষ করে প্রোডাকশন বয় ও ইন্ডাস্ট্রিতে নতুন কাজ শুরু করা কর্মীদের প্রাপ্য অর্থ না পাওয়াকে তিনি দুঃখজনক বলে মন্তব্য করেন।
পারসার ভাষায়, নিজের টাকা না পেলেও হয়তো মানিয়ে নেওয়া যায়, কিন্তু যারা দৈনিক আয়ের ওপর নির্ভরশীল, তাদের বকেয়া পড়ে থাকা অত্যন্ত কষ্টের। নতুনরা কঠোর পরিশ্রম করেও যদি প্রাপ্য না পায়, তাহলে সেটি পুরো শিল্পাঙ্গনের জন্যই হতাশাজনক।
এ ঘটনার পর সহকর্মীদের উদ্দেশে সতর্কবার্তাও দেন অভিনেত্রী। তিনি বলেন, কোনো কাজ শুরু করার আগে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিষয়ে ভালোভাবে খোঁজ নেওয়া এবং সব ধরনের আর্থিক চুক্তি লিখিতভাবে নিশ্চিত করা উচিত। পাশাপাশি শিল্পাঙ্গনে সততা, দায়িত্ববোধ ও পেশাদারিত্বের চর্চার ওপরও জোর দেন তিনি।

গণমাধ্যমকে পারসা ইভানা জানান, পরিচালক ফারহাদ আহমেদ ইশানের পরিচালনায় নির্মিত ‘নীলাঞ্জনা এক্সপ্রেস’ নামের একটি ওয়েব কনটেন্টে তিনি গত বছরের ডিসেম্বর-জানুয়ারি সময়ে কাজ করেছিলেন। সেই কাজের সম্পূর্ণ পারিশ্রমিক এখনো পরিশোধ করা হয়নি বলে তার দাবি।
তিনি আরও জানান, গত ১৬ জুন পরিচালক তাকে আশ্বাস দিয়েছিলেন যে ২৮ জুনের মধ্যে সব বকেয়া পরিশোধ করা হবে। তবে নির্ধারিত সময় পার হলেও সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি। বিষয়টি তিনি ইতোমধ্যে অভিনয় সংঘকে মৌখিকভাবে অবহিত করেছেন বলেও জানান। তবে এ অভিযোগের বিষয়ে পরিচালক ফারহাদ আহমেদ ইশানের কোনো বক্তব্য এখন পর্যন্ত জানা যায়নি।



