এক ঘণ্টায় তিন দফা মৃদু ভূমিকম্প

বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের উত্তর-পূর্বাঞ্চলের তিন রাজ্যে সোমবার (২৯ জুন) ভোরে এক ঘণ্টার ব্যবধানে তিনটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পগুলো আঘাত হানে মণিপুর, অরুণাচল প্রদেশ এবং বাংলাদেশের সীমান্তঘেঁষা মেঘালয় রাজ্যে।
ভারতের জাতীয় ভূকম্পনবিদ্যা কেন্দ্রের (এনসিএস) তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় ভোর ৪টা ১৩ মিনিটে প্রথম ভূমিকম্পটি মণিপুরের কাংপোকপি এলাকায় আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৫ এবং এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৫৯ কিলোমিটার গভীরে।
এর পাঁচ মিনিট পর, ভোর ৪টা ১৮ মিনিটে অরুণাচল প্রদেশ-ভুটান সীমান্তবর্তী এলাকায় দ্বিতীয় ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ এবং কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ৭ কিলোমিটার গভীরে।
সবশেষে ভোর ৫টা ৫ মিনিটে বাংলাদেশের সীমান্তসংলগ্ন ভারতের মেঘালয় রাজ্যের পশ্চিম খাসি পাহাড় এলাকায় তৃতীয় ভূমিকম্পটি আঘাত হানে। এর মাত্রা ছিল ২ দশমিক ৯ এবং উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।এগুলো স্বল্পমাত্রার ভূমিকম্প হওয়ায় এখন পর্যন্ত কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।



