চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন ২৮ জুন, স্থাপন করা হয়েছে ৬ হাজারের বেশি কেন্দ্র

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় কাল রবিবার (২৮ জুন) চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় ১৪ লাখ ৪ হাজার ১৬৯ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, চট্টগ্রাম জেলায় ৮ লাখ ৪২ হাজার ১৬৯ জন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় ৫ লাখ ৬২ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এ কার্যক্রম পরিচালনায় জেলায় ১৭টি স্থায়ী ও ৪ হাজার ৮০০টি অস্থায়ী কেন্দ্র এবং সিটি করপোরেশন এলাকায় ৪১টি স্থায়ী ও ১ হাজার ২৮০টি অস্থায়ী টিকাদান কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনীয় ভিটামিন ‘এ’ ক্যাপসুলও মজুত রয়েছে।
চট্টগ্রাম জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বলেন, ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শিশুদের রাতকানা প্রতিরোধ, রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি এবং অপুষ্টিজনিত ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ৬ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে নির্ধারিত কেন্দ্রে নিয়ে গিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে এ কর্মসূচি সফল করতে হবে।
রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত চট্টগ্রাম জেলা ও সিটি করপোরেশনের নির্ধারিত কেন্দ্রগুলোতে এ কার্যক্রম চলবে।



