বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
বিবিধ

লক্ষ্মীপুরে বাসায় ঢুকে দা দিয়ে কুপিয়ে মা-মেয়েকে হত্যা, আটক ১

image-338178-1764750092

লক্ষ্মীপুরের রায়পুরে বাসায় ঢুকে ধারালো দা দিয়ে কুপিয়ে এক মা ও তার দুই মেয়েকে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার পৌর শহরের টিনহাটা সংলগ্ন এলাকায় ঘটে এই ভয়াবহ ঘটনা।

নিহতরা হলেন শাহীনুর বেগম (৪০), তার মেয়ে ইকরা বেগম (১৮) ও সিপা বেগম (১০)। এর মধ্যে ইকরা ও সিপা ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত অবস্থায় শাহীনুর বেগমকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

একই ঘটনায় শাহীনুরের বড় মেয়ে ছায়মা আক্তার (২১) গুরুতর আহত হয়েছেন। তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত ইকরা দ্বাদশ শ্রেণির এবং সিপা চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতদের গ্রামের বাড়ি কুমিল্লার হোমনা এলাকায়। তারা দীর্ঘদিন ধরে রায়পুরে ভাড়া বাসায় বসবাস করছিলেন। দুপুরের দিকে প্রায় ৩০ বছর বয়সী এক ব্যক্তি দা হাতে বাসায় ঢুকে মা ও তিন মেয়ের ওপর এলোপাতাড়ি হামলা চালান। এতে ঘটনাস্থলেই দুই বোনের মৃত্যু হয় এবং অন্য দুজন গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন হামলাকারীকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন। তবে তাৎক্ষণিকভাবে অভিযুক্ত ব্যক্তির পরিচয় জানাতে পারেনি পুলিশ।

রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মামুনুর রশিদ জানান, হাসপাতালে আনার আগেই দুই বোন মারা গিয়েছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় মায়ের মৃত্যু হয়। নিহত তিনজনের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। গলাতেও গুরুতর জখম ছিল। আহত ছায়মার অবস্থাও আশঙ্কাজনক।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন মিয়া বলেন, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

নারীলক্ষ্মীপুরহত্যা