বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
বিনোদন

ডুয়া লিপার বিয়ে যেন বিলাসিতার মহোৎসব, গাউনের দামই ১২ কোটি টাকা

prothomalo-bangla_2026-06-24_pauldi7m_12

ইতালির সিসিলির বাগেরিয়া শহরের শতবর্ষী ভিলা ভালগুয়ারনেরায় তিন দিনব্যাপী জমকালো আয়োজনে বিয়ে সম্পন্ন হয়েছে বিশ্বখ্যাত পপ তারকা ডুয়া লিপা ও ব্রিটিশ অভিনেতা-মডেল ক্যালাম টার্নারের। তবে এটি শুধু তারকাবহুল বিয়েই ছিল না, বরং আধুনিকতা, ঐতিহ্য, ফ্যাশন ও বিলাসিতার এক অনন্য প্রদর্শনীতে পরিণত হয়েছিল পুরো আয়োজন।

মূল বিয়ের অনুষ্ঠানে ডুয়া লিপার পরনে ছিল বিশেষভাবে তৈরি শ্যানেলের বধূবেশ। এই পোশাকে হাতে বসানো হয়েছিল ৪ লাখ ৮০ হাজার পুঁতি ও ২৫ হাজার পালক। সঙ্গে ছিল দীর্ঘ পালকে সাজানো ট্রেন এবং অলংকৃত লম্বা ঘোমটা।

জানা গেছে, এই পোশাক তৈরি করতে কারিগরদের সময় লেগেছে ১ হাজার ১০০ ঘণ্টার বেশি। শুধু ৬ মিটার দীর্ঘ ঘোমটা তৈরিতেই ব্যয় হয়েছে আরও ৩ হাজার ঘণ্টার হাতের কাজ।

ফ্যাশনবিশেষজ্ঞদের ধারণা, শ্যানেলের এমন বিলাসবহুল বিশেষ নকশার পোশাকের দাম প্রায় ১০ লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১২ কোটি ৩০ লাখ টাকার সমান।

অন্যদিকে ডুয়া লিপার বাগদানের আংটিটিও ছিল চোখধাঁধানো। উচ্চমানের প্রাকৃতিক হীরা দিয়ে তৈরি এই আংটির নকশা করেছেন ক্যালাম টার্নার নিজেই। যার আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ২৭ হাজার ডলার, অর্থাৎ প্রায় ৩ কোটি ৩০ লাখ টাকা।

বিয়েতে ক্যালাম টার্নারের পরনে ছিল বিশেষভাবে তৈরি লুই ভুইতোঁর টাক্সিডো শার্ট ও প্যান্ট। তুলনামূলকভাবে ধ্রুপদি এই সাজ ডুয়া লিপার জাঁকজমকপূর্ণ পোশাকের সঙ্গে ভারসাম্য তৈরি করেছে।

এর আগে লন্ডনের ওল্ড মেরিলিবোন টাউন হলে নাগরিক বিয়ের সময় ডুয়ার পরনে ছিল স্কার্ট-স্যুট। সেই সঙ্গে ব্রিটিশ রাজকীয়তার প্রতীক বড় আকৃতির টুপি নজর কাড়ে।

৩০ বছর বয়সী ডুয়া ও ৩৬ বছর বয়সী ক্যালাম বিয়ের বিভিন্ন আয়োজনে শ্যানেল, লুই ভুইতোঁ, স্কিয়াপারেলি, বত্তেগা ভেনেতা ও ক্লোয়ের মতো আন্তর্জাতিক বিলাসবহুল ব্র্যান্ডের পোশাক ও প্রসাধনী ব্যবহার করেছেন।

ডুয়া লিপা ও ক্যালাম টার্নারের প্রথম দেখা হয়েছিল লন্ডনের দ্য রিভার ক্যাফেতে, পারস্পরিক বন্ধুদের মাধ্যমে। প্রায় এক বছর পর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আবার দেখা হয় তাদের। তখন দুজনই পড়ছিলেন পুলিৎজার পুরস্কারজয়ী উপন্যাস ‘ট্রাস্ট’। সেই মিল থেকেই ধীরে ধীরে সম্পর্কের শুরু।

২০২৪ সালের জানুয়ারিতে প্রথম তাদের প্রেমের গুঞ্জন শোনা যায়। এরপর একাধিক অনুষ্ঠান, ভ্রমণ ও লালগালিচার আয়োজনে একসঙ্গে দেখা যেতে থাকে এই জুটিকে।

২০২৫ সালের মে মাসে মেট গালায় একসঙ্গে উপস্থিত হয়ে সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনেন তারা। পরে জুনে আসে বাগদানের ঘোষণা।

দুই বছর পাঁচ মাস সম্পর্কের পর ২০২৬ সালের ৩১ মে লন্ডনে আনুষ্ঠানিকভাবে বিয়ে করেন এই তারকা জুটি।

ডুয়া লিপা বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় পপ তারকা। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তার অনুসারী সংখ্যা ৮ কোটি ৮০ লাখের বেশি। অন্যদিকে ক্যালাম টার্নারের কোনো ইনস্টাগ্রাম হিসাব নেই।

সম্পদের দিক থেকেও এগিয়ে ডুয়া। তার মোট সম্পদের পরিমাণ প্রায় ৪ কোটি ৫০ লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় যা সাড়ে ৫০০ কোটি টাকার বেশি। অন্যদিকে ক্যালামের সম্পদের পরিমাণ প্রায় ৫০ লাখ ডলার, অর্থাৎ প্রায় ৬১ কোটি টাকার কাছাকাছি।

ক্যালাম টার্নারডুয়া লিপাপপ তারকাব্রিটিশ অভিনেতা