কাপুর পরিবারে বিয়ের সানাই, বিয়ের পিঁড়িতে অংশুলা

বলিউডের পরিচিত কাপুর পরিবারে এবার বিয়ের উৎসব। প্রযোজক বনি কাপুর ও তার প্রথম স্ত্রী মোনা সৌরি কাপুরের মেয়ে অংশুলা কাপুর আগামী জুলাইয়ে বিয়ে করতে যাচ্ছেন দীর্ঘদিনের সঙ্গী রোহান ঠাক্কারকে।
বলিউড পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও ভাই-বোনদের মতো অভিনয় জগতে আসেননি অংশুলা; বরং নিজের আলাদা পরিচয় গড়ে তুলেছেন একেবারে ভিন্ন পথে।

অংশুলার বড় ভাই অভিনেতা অর্জুন কাপুর। আর বৈমাত্রেয় দুই বোন হলেন জাহ্নবী কাপুর ও খুশি কাপুর। মায়ের মৃত্যুর পর জীবনের কঠিন সময়গুলোতে মূলত ভাই অর্জুনের সঙ্গেই একে অপরের ভরসা হয়ে ছিলেন তারা।
পড়াশোনাতেও বেশ কৃতিত্ব রয়েছে অংশুলার। যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেন তিনি। তবে সেই সময়েই জীবনে নেমে আসে বড় ধাক্কা। তার গ্র্যাজুয়েশন অনুষ্ঠান এবং অর্জুন কাপুরের প্রথম সিনেমা ‘ইশাকজাদে’ মুক্তির কয়েক দিন আগে ক্যানসারে আক্রান্ত হয়ে ৪৮ বছর বয়সে মারা যান মা মোনা সৌরি কাপুর।
এরপর কিছুদিন করপোরেট দুনিয়ায় কাজ করেন অংশুলা। পরে নিজের দাতব্য উদ্যোগ ‘ফ্যানকাইন্ড’ প্রতিষ্ঠা করে উদ্যোক্তা হিসেবে যাত্রা শুরু করেন। বর্তমানে নানা সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছেন তিনি।

ব্যক্তিগত জীবনেও ছোটবেলা থেকেই নানা কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছেন অংশুলা। মাত্র ১১ বছর বয়সে ১৯৯৬ সালে তার মা-বাবার বিচ্ছেদ হয়। একই বছর বনি কাপুর বিয়ে করেন বলিউড তারকা শ্রীদেবীকে। এরপর মায়ের মৃত্যু ও ব্যক্তিগত নানা অভিজ্ঞতা তার জীবনে গভীর প্রভাব ফেলে। বিভিন্ন সাক্ষাৎকারে অংশুলা জানিয়েছেন, ছোটবেলায় মানসিক কষ্ট, সামাজিক বিচ্ছিন্নতা এবং অতিরিক্ত গণমাধ্যমের নজরদারি তার মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলেছিল।
দীর্ঘ সময় নিজের শরীর ও আত্মপরিচয় নিয়ে সংগ্রামের পর তিনি ইতিবাচক জীবনধারা বেছে নেন। বর্তমানে তিনি বডি পজিটিভিটি আন্দোলনের পরিচিত মুখ। শরীরের গঠন, রং বা বাহ্যিক সৌন্দর্য নিয়ে সমাজের প্রচলিত কুসংস্কার ও বডি শেমিংয়ের বিরুদ্ধে কাজ করে এই আন্দোলন।
এদিকে অংশুলা ও রোহান ঠাক্কারের পরিচয় হয় ২০২২ সালে একটি ডেটিং অ্যাপের মাধ্যমে। রোহান ভারতের ফ্লেম বিশ্ববিদ্যালয় ও যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ফিল্ম অ্যাকাডেমিতে পড়াশোনা করেছেন। বর্তমানে তিনি করণ জোহরের প্রতিষ্ঠান ধর্মা প্রোডাকশনের ডিজিটাল কনটেন্ট বিভাগে চিত্রনাট্যকার হিসেবে কাজ করছেন।
পরিচয়ের তিন বছর পর নিউইয়র্কের সেন্ট্রাল পার্কের ঐতিহাসিক বেলভেডেয়ার ক্যাসলের সামনে অংশুলাকে বিয়ের প্রস্তাব দেন রোহান। মুহূর্তটিকে আরও বিশেষ করে তুলতে তিনি রাত সোয়া একটায় এই প্রস্তাব দেন, কারণ ঠিক তিন বছর আগে একই সময়ে তাদের প্রথম কথা হয়েছিল।
২০২৫ সালের ২ অক্টোবর মুম্বাইয়ে কাপুর পরিবারের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে বাগদান সম্পন্ন হয় এই জুটির। সম্প্রতি কাপুর পরিবারের বাড়িতে অনুষ্ঠিত হয়েছে তাদের ‘মাতা কি চৌকি’ অনুষ্ঠান। সেখানে ঐতিহ্যবাহী সাজে হাজির হন অংশুলা, রোহান, জাহ্নবী ও খুশি।
জানা গেছে, ৩৫ বছর বয়সী অংশুলা ও ৩২ বছর বয়সী রোহানের বিয়ের মূল আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে আগামী ৪ থেকে ৬ জুলাই। বিয়ের পর সংবর্ধনা হবে মুম্বাইয়ের বিলাসবহুল তাজ ল্যান্ডস এন্ড হোটেলে। সেখানে উপস্থিত থাকবেন বলিউডের একঝাঁক তারকা।



