বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
নারী

মেসির খেলা দেখতে ১০০ বছর বয়সেও গ্যালারিতে পলি কানা

Gemini_Generated_Image_qbmil3qbmil3qbmi

লিওনেল মেসি যেন পুরো ফুটবল বিশ্বের কেন্দ্রবিন্দু। বিশ্বের যেখানেই আর্জেন্টিনার ম্যাচ হোক না কেন, তার এক ঝলক দেখার আশায় স্টেডিয়াম ভরে ওঠে হাজারো ভক্ত-সমর্থকে।

গত রাতে যুক্তরাষ্ট্রের ডালাসে অনুষ্ঠিত বিশ্বকাপের আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচেও তার ব্যতিক্রম হয়নি। গ্যালারিতে উপস্থিত দর্শকদের মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছেন পলিন কানা নামের শত বছর বয়সী এক নারী ভক্ত, যিনি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

ম্যাচ চলাকালীন ডালাস স্টেডিয়ামের গ্যালারিতে আর্জেন্টিনার কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা এবং বর্তমান তারকা মেসির ছবি সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়। শুধু আর্জেন্টাইন সমর্থকরাই নন, প্রতিপক্ষ অস্ট্রিয়ার দর্শকরাও মেসির প্রতি শ্রদ্ধা জানিয়ে ব্যানার প্রদর্শন করেন।

তবে সবকিছুকে ছাপিয়ে আলোচনায় আসেন পলিন কানা। ক্যামেরার ফ্রেমে ধরা পড়া তার হাতে থাকা একটি প্ল্যাকার্ডে লেখা ছিল— ‘১০০ বছর বয়সী মেসির ভক্ত’। মুহূর্তেই দৃশ্যটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তাকে ঘিরে শুরু হয় ব্যাপক আগ্রহ ও প্রশংসা।

তবে তিনি যে এবারই প্রথম মেসির খেলা দেখতে এসেছেন, তাও নয়। এমনকি এই নারীর বয়স ১০০ বছরও পূর্ণ হয়নি। ১ আগস্ট যুক্তরাষ্ট্রের ওহিও অঙ্গরাজ্যের বাসিন্দা পলি বয়সের সেঞ্চুরি করবেন। গত বছর জুনে মার্কিন মুলুকে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপে ইন্টার মায়ামির ম্যাচও তিনি দেখেছিলেন। সে সময় প্ল্যাকার্ডে পলি লিখেছিলেন, ‘মেসি, তুমি কি আমাকে বিয়ে করবে?’ তখন থেকেই সামাজিক মাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেন ওহিও রাজ্যের এই নারী।

শুধু মেসিভক্ত হিসেবেই নয়, গিনেস বুকেও নাম লিখিয়েছেন পলিন। এ বছরের মে মাসের শেষে টেক্সাসের বেলভিলে একটি ক্রাউডসার্ফিংয়ে অংশ নিয়েছিলেন তিনি। তখন তার বয়স ছিল ৯৯ বছর ২৭৪ দিন। তাতে করে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে ক্রাউডসার্ফিংয়ে অংশ নেওয়া ব্যক্তি হিসেবে রেকর্ডটা নিজের করে নেন। এই ক্রাউডসার্ফিং আয়োজন করেছিলেন তার নাতি রস স্মিথ।

১০০ ছুঁই ছুঁই নারীর খেলা দেখার দিনে আর্জেন্টিনা ২-০ গোলে হারিয়েছে অস্ট্রিয়াকে। জোড়া গোলে মেসি রেকর্ড বই তছনছ করে দিয়েছেন। ১৮ গোল করে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা এখন মেসি। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ সর্বোচ্চ ম্যাচজয়ী ফুটবলারও তিনি। দুই রেকর্ডেই মেসি পেছনে ফেলেছেন মিরোস্লাভ ক্লোসাকে। ক্লোসা বিশ্বকাপে করেছেন ১৬ গোল। জিতেছেন ১৭ ম্যাচ।

১০০বছরপলিফিফাবিশ্বকাপমেসি