সিলেটের ভারপ্রাপ্ত ডিসি হলেন পিংকি সাহা

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রত্যাহার আদেশের পর সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন মো. সারওয়ার আলম। নতুন জেলা প্রশাসক দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত জেলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা।
সোমবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। দায়িত্ব বুঝে নেওয়ার পর পিংকি সাহা ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেন।
সোমবার রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে পিংকি সাহা জানান, বিকেল ৫টার দিকে বিদায়ী জেলা প্রশাসক মো. সারওয়ার আলম আনুষ্ঠানিকভাবে তার কাছে দায়িত্ব হস্তান্তর করেন। প্রশাসনিক সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মঙ্গলবার তিনি সিলেট ত্যাগ করবেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাম্প্রতিক আদেশের পরিপ্রেক্ষিতে সারওয়ার আলমকে বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়। নতুন জেলা প্রশাসক নিয়োগ ও যোগদান না করা পর্যন্ত জেলার প্রশাসনিক কার্যক্রম ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে পরিচালনা করবেন পিংকি সাহা।
প্রশাসন সূত্র জানায়, নতুন জেলা প্রশাসক নিয়োগ না হওয়া পর্যন্ত জেলা প্রশাসনের দৈনন্দিন কার্যক্রম স্বাভাবিক রাখতে বর্তমান ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রুটিন দায়িত্ব পালন করবেন। এ বিষয়ে পিংকি সাহা বলেন, ‘নতুন কেউ যোগ দেওয়ার আগ পর্যন্ত আমি রুটিন দায়িত্বে থাকব। সবার সহযোগিতা পেলে কাজগুলো সহজ হবে।’
এর আগে, গত শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমকে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়। ওই আদেশে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে ন্যস্ত করা হয়েছে। মন্ত্রণালয়ের ওই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই দায়িত্ব ছাড়লেন তিনি।



