দিঘি আসলে কার সমর্থক? ব্রাজিল-আর্জেন্টিনা-রোনালদো?

২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক ফুটবল-থিমের ছবি পোস্ট করে আলোচনার কেন্দ্রে এসেছেন জনপ্রিয় অভিনেত্রী দিঘি। কখনও ব্রাজিলের জার্সি ও শাড়িতে, কখনও পর্তুগালের জার্সি হাতে, আবার কখনও আর্জেন্টিনার পতাকা নিয়ে ছবি প্রকাশ করেছেন তিনি। আর এসব পোস্টকে ঘিরে ফুটবল সমর্থকদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা ও মজার মন্তব্যের বন্যা।

ব্রাজিলের জার্সি ও শাড়ি পরে দেওয়া ছবিগুলোতে দিঘিকে দেখা যায় হলুদ-সবুজ রঙের পোশাকে। পোস্টের ক্যাপশনে তিনি ২০২৬ বিশ্বকাপ নিয়ে আশাবাদ প্রকাশ করেন। এরপরই ব্রাজিল সমর্থকদের পাশাপাশি আর্জেন্টিনা ও জার্মানি সমর্থকদের নানা মন্তব্যে সরগরম হয়ে ওঠে কমেন্ট সেকশন।

একজন মন্তব্য করেন, ‘ব্রাজিল ফ্যানরা তাড়াহুড়া করে উদযাপন কইরো না, ২য় রাউন্ড পার হলে ২০১৪ সালের জার্মানির সঙ্গে আবার দেখা হতে পারে’। আবার কেউ ৭ আপ এর কথা মনে করিয়ে দিয়েছেন।

এর কিছুদিন পরই পর্তুগালের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর নাম লেখা ‘৭ নম্বর’ জার্সি হাতে ছবি পোস্ট করেন দিঘি। ক্যাপশনে তিনি জানান, মাঠে রোনালদোকে দেখতে মুখিয়ে আছেন। এ পোস্টেও রোনালদো ভক্তদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। একজন লেখেন, ‘The Boss CR7’।

তবে সবচেয়ে বেশি সাড়া ফেলে আর্জেন্টিনার পতাকা হাতে দেওয়া পোস্টটি। ছবির ক্যাপশনে তিনি আর্জেন্টিনা সমর্থকদের শুভকামনা জানান। পোস্টটি দ্রুত ভাইরাল হয়ে কয়েক হাজার প্রতিক্রিয়া ও শতাধিক শেয়ার পায়। এ সময় অনেকেই প্রশ্ন তোলেন, দিঘি আসলে কোন দলের সমর্থক? কেউ মজা করে লেখেন, ‘দুই দিন আগে ব্রাজিলের শাড়ি, এখন আর্জেন্টিনার পতাকা!’

এর আগে আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সি একসঙ্গে পরা একটি প্রচারণামূলক ছবিও পোস্ট করেছিলেন দিঘি। সেখানে ভক্তদের উদ্দেশে প্রশ্ন রাখা হয়েছিল—‘আপনার হৃদয় কে জিতবে?’ সেই পোস্টেও দুই দলের সমর্থকদের মধ্যে চলে হালকা খুনসুটি।
কিন্তু তার এই ছবিগুলো সবই ছিলো এআই জেনারেটেড।



